পাউবোর জমি দখল করে স্থাপনা নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্যবন্দরে পানি উন্নয়ন বোর্ডের কুয়ার জমি দখল করে চার দিন ধরে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্যবন্দরে পানি উন্নয়ন বোর্ডের কুয়ার জমি দখল করে চার দিন ধরে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্যবন্দরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুয়ার জমি দখল করে চার দিন ধরে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, আলীপুর মৎস্যবন্দরের চৌরাস্তা থেকে সামান্য পূর্ব দিকে বন্যানিয়ন্ত্রণ বাঁধের বাইরে ৯৮৯, ২০২, ১২০, ৫২১ খতিয়ানের ৯৬৪, ৯৬৮, ৯৭০, ৯৮৩ ও ৯৮৪ দাগের পাউবোর কুয়া দখল করে তাতে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। ১৯৬৩-৬৪ সালে ওই জমি সরকার হুকুমদখল করে। পাকা স্থাপনা নির্মাণ করার জন্য কুয়ার পানি সেচে ফেলা হয়েছে। কুয়ার মধ্যেই রড দিয়ে ঢালাই দেওয়া হয়েছে। স্থানীয় পাঁচ ব্যক্তি আলাদাভাবে পাঁচটি পাকা স্থাপনা নির্মাণ করছেন। তা ছাড়া বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশের মাটি কেটে স্থাপনা নির্মাণ করার কারণে বাঁধের পাশে বন বিভাগের লাগানো ৫০-৬০টি গাছ হুমকির মুখে পড়েছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, লতাচাপলি ইউনিয়নের মাইটভাঙা গ্রামের কুদ্দুস মোল্লা ও আবদুর রাজ্জাক খান, তাহেরপুর গ্রামের লিটন মিয়া এবং আলীপুর বন্দরের আবুল কালাম ও আফজাল হোসেন এই দখলের কাজটি করছেন। যেখানে দখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে সেসব পাউবোর কুয়া। আলীপুর বন্দরের আমীর হোসেন মিয়া গত বছর পাউবো থেকে ওই কুয়া মাছ চাষের জন্য তিন বছরের জন্য ইজারা নেন। এরপর তিনি সেসব কুয়া পাঁচ লাখ ও সাত লাখ টাকা করে স্থাপনা নির্মাণকারীদের কাছে বিক্রি করেন। এ থেকে অন্তত ৩০-৩৫ লাখ টাকা আমীর হোসেন হাতিয়ে নিয়েছেন।
কলাপাড়া পাউবোর সার্ভে শাখা সূত্রে জানা গেছে, ইজারা নেওয়া জমিতে শুধু মাছ চাষ ও হাঁস-মুরগির খামার করা যাবে। সেখানে কোনো পাকা অবকাঠামো নির্মাণ করা যাবে না। এ ছাড়া ওই জমি অন্য কারও কাছে হস্তান্তর বা ভাড়া হিসেবেও দেওয়া যায় না।
অভিযোগ প্রসঙ্গে দখলদার কুদ্দুস মোল্লা বলেন, ‘এই জায়গায় ঘর তোলার জন্য আমীর মিয়া আমার কাছ থেকে টাকা নেছে। এ্যাহন কন এইহানে ঘর তোললে আমনেগো কী অসুবিধা?’
লিটন মিয়া বলেন, ‘আমীর মিয়া আমাগো কাছে গোনে টাহা নিয়া ঘর উডাইয়া দেতেছে। হ্যারে এক হাত জায়গার লাইগ্যা ২০ হাজার টাহা দেতে অইবে। আমার ২০ হাত জায়গা বাবদ হ্যারে দুই লাখ টাহা দেওয়া লাগবে।’
আমীর হোসেন মিয়া দাবি করেন, তিনি কারও কাছ থেকে টাকা-পয়সা নেননি।
পাউবোর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের মুঠোফোনে বলেন, ‘কেউ জোর করে সরকারি সম্পত্তি দখল করতে পারে না। আমি লোক পাঠিয়ে যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেব।’