পাউবোর জমি দখলের চেষ্টা আ.লীগের নেতা-কর্মীদের
লক্ষ্মীপুরের রায়পুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কোটি টাকা মূল্যের জমি দখলের চেষ্টা করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পুলিশ গত শনিবার সন্ধ্যায় জায়গাটি দখলমুক্ত করে।
বাজারের ছয়জন ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, প্রায় পাঁচ বছর ধরে দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাজিমারা বাজারের পাউবোর প্রায় ৮ শতাংশ জায়গায় অর্ধশতাধিক লোকজন অস্থায়ীভাবে ব্যবসা করছেন। বৃহস্পতিবার রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ ব্যাপারী ২০-২৫ জন নেতা-কর্মী নিয়ে ব্যবসায়ীদের ১৫টি দোকান ভাঙচুর ও তাঁদের উচ্ছেদ করেন। পরে সেখানে তাঁরা দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন। এ ঘটনায় পাউবোর রায়পুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. ইদ্রিস মিয়া থানায় গতকাল রোববার লিখিত অভিযোগ দেন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি রাতে ওই জায়গাটি দখলের জন্য হারুনুর রশীদ বাজারের প্রায় ২০-২৫ জন খুদে ব্যবসায়ীকে উচ্ছেদ করেছিলেন।
হারুনুর রশিদ ব্যাপারী বলেন, তিনি ওই জমিটি ইজারা নিয়েছেন। দখলের বিষয়টি সত্য নয়।