বরিশালের আগৈলঝাড়া উপজেলায় যুবলীগের এক নেতার বিরুদ্ধে সংখ্যালঘু একটি পরিবারের ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাড়ে ৮৫ শতাংশ জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ও পাউবো সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও উপজেলা কমিটির নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম শিকদার জমি দখল করেছেন। তিনি পয়সারহাট সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ে আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন পাউবোর বেড়িবাঁধের প্রায় ৬০ শতাংশ জমি দখলে নিয়ে ১০ দিন ধরে বালু ভরাট করছেন। এ ছাড়া গত শুক্রবার থেকে বাকাল গ্রামের দিনমজুর হরেন্দ্রনাথ হালদারেরসাড়ে ২৫ শতাংশ জমি দখল করে সেখানেও বালু ভরাট করছেন।
গত সোমবার হরেন্দ্রনাথ হালদারের ছেলে অমৃত লাল হালদার প্রথম আলোকে বলেন, বাকাল ইউনিয়নের পয়সারহাট মৌজার ৬৫৮ নম্বর দাগের ২৩ শতাংশ ও ৬৫৬ নম্বর দাগের ২ দশমিক ৫ শতাংশ জমির মালিক তাঁরা। কিন্তু শুক্রবার হঠাৎ যুবলীগের নেতা নজরুল ওই জমিতে বালু ভরাট শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তাঁকে লাঞ্ছিত করেন নজরুল। তিনি রোববার ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন।
বাকাল গ্রামের সেরাজুল ইসলাম, পয়সারহাট গ্রামের মেরাজ ব্যাপারী ও ইউসুফ হোসেনসহ বেশ কয়েকজন বলেন, নজরুল পাউবোর জমি দখল করে বালু ভরাট করায় বেড়িবাঁধের স্লুইসগেটের একটি কপাট বন্ধ হয়ে গেছে। এর ফলে বাঁধের ভেতরে থাকা জমির পানি বের হতে পারছে না। বিষয়টি অবহিত করে তাঁরা পাউবোর নির্বাহী প্রকৌশলী ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ করায় যুবলীগ নেতা ও তাঁর সহযোগীরা তাঁদের নানা ভয় দেখিয়ে হুমকি দিচ্ছেন।
অভিযোগ পাওয়ার পর ইউএনওশতরূপা তালুকদার উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারক লিয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। লিয়ার হোসেন বলেন, ‘রোববার আগৈলঝাড়া সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও শতরূপা তালুকদারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেছি।’
ইউএনও শতরূপা তালুকদার বলেন, ‘বালু ভরাটের সত্যতা পাওয়া গেছে। ব্যক্তি মালিকানাধীন জায়গা ভরাটের বিষয়টি আরও খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তবে পাউবোর জায়গার বিষয়ে তাঁদের কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’
জানতে চাইলে যুবলীগের নেতা নজরুল বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। ওই স্থানে হরেন্দ্রনাথ হালদারের কোনো জমি নেই। এ ছাড়া পাউবোর জমি তিনি ইজারানিয়েছেন। তবে এ-সংক্রান্ত কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি।
পাউবোর বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, ‘কেউ পাউবোর জমি ইজারা নিয়ে থাকলেও বালু ভরাট করার সুযোগ নেই।’