পাউবোর নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুষ গ্রহণের অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একজন নির্বাহী প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর নাম মো. আবদুল মালেক। বর্তমানে তিনি অবসরোত্তর ছুটিতে আছেন।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে জানান, সংস্থার বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক আক্তার হোসেনের নেতৃত্বে একটি দল আজ বুধবার রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
আবদুল মালেক সর্বশেষ পাউবোর বরগুনা পরিচালন ও সংরক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্র জানায়, আবদুল মালেকের বিরুদ্ধে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঠিকাদার আবদুল্লাহ আল মারুফের কাছ থেকে ঘুষ নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ অভিযোগে বরগুনা থানায় ১১ আগস্ট একটি মামলা হয়।