পাউবোর নির্বাহী প্রকৌশলীকে মারধর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী গৌরপদ সূত্রধরকে (৫১) গত মঙ্গলবার রাতে তাঁর কার্যালয়ে মারধর করা হয়েছে। এ অভিযোগে তিনি ওই রাত দেড়টার দিকে সদর থানায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
প্রকৌশলী গৌরপদ সূত্রধর বলেন, ‘মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’
পাউবো, রাজবাড়ী সূত্র জানায়, ২১ জানুয়ারি রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পের নদীতীর সংরক্ষণ মেরামতকাজের দুটি প্যাকেজের জন্য প্রায় ৪৩ লাখ টাকা প্রাক্কলিত মূল্যের দরপত্র আহ্বান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ওই প্যাকেজের অনুকূলে চারটি দরপত্র জমা পড়ে। যাচাই-বাছাইয়ের পর পটুয়াখালীর মহিউদ্দিন আহমেদ নামের এক ব্যক্তির দুটি দরপত্র বাতিল হয়ে যায়। সরকারদলীয় স্থানীয় লোকজন ওই দুটি দরপত্রের নামে কার্যাদেশ দেওয়ার জন্য নানাভাবে চাপ দিচ্ছিলেন। মঙ্গলবার রাত ১০টার দিকে জেলা শহরের ভবানীপুরে পাউবোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় কাম বিশ্রামাগারে ১৫-১৬ ব্যক্তি প্রবেশ করেন। তাঁরা ওই দুটি দরপত্রের নামে কার্যাদেশ দিতে রাজি না হওয়ায় প্রকৌশলী গৌরপদ সূত্রধরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁরা গৌরপদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তাঁকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারা হয়।