পাউবোর কলোনিতে অবৈধ হাট, অতিরিক্ত হাসিল আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের আবাসিক কলোনিতে বসানো হয় অবৈধ হাট। গত রোববারের ছবি l প্রথম আলো
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের আবাসিক কলোনিতে বসানো হয় অবৈধ হাট। গত রোববারের ছবি l প্রথম আলো

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আবাসিক কলোনিতে অবৈধভাবে গবাদিপশুর হাট বসানো হয়েছে। কলোনির পাশের নেকমরদ হাটের ইজারাদারেরা পাউবো কর্তৃপক্ষের কথা বলে অতিরিক্ত হাসিল আদায় করছেন। অথচ পাউবো কোনো টাকা পায় না বলে অভিযোগ উঠেছে।
পাউবো ঠাকুরগাঁও কার্যালয় সূত্র জানায়, ৭০-এর দশকে পাউবোর কাজ পরিচালনার জন্য দুই দফায় নেকমরদ এলাকায় ৩ একর ৩৭ শতক জমি অধিগ্রহণ করা হয়। ওই জমিতে কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবন ও একটি ডাকবাংলো গড়ে তোলা হয়। পরে এ এলাকায় পাউবোর কার্যক্রম সীমিত হয়ে পড়ে। কলোনিতে এখন কিছু পরিবার বাস করলেও বাকিটা খালি পড়ে রয়েছে। এ সুযোগে ২০১২ সালে কলোনিতে পশুর হাট বসানো শুরু হয়। প্রতি রোববার হাট বসে।
গত রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, নেকমরদ ইউনিয়নের বালিয়াডাঙ্গী-রানীশংকৈল আঞ্চলিক সড়কের পাশে পাউবোর কলোনিতে হাট বসেছে। হাটে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ করা যায়। পশু কেনা-বেচা চলছে।
হাটের ক্রেতা-বিক্রেতারা বলেন, নেকমরদ ইউনিয়নে হাট বসানোর জায়গা নেই। তাই তাঁরা এখানে বেচা-কেনা করেন। প্রতি হাটবারে এখানে হাজার খানেক গরু-ছাগল কেনাবেচা হয়। কিন্তু হাসিল বেশি রাখা হয়।
হাটের কমপক্ষে ছয়জন ক্রেতা বলেন, হাটে প্রতিটি গরুর জন্য ২২০ ও ছাগলের জন্য ১০০ টাকা করে হাসিল আদায় করা হচ্ছে। অথচ জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী একটি গরুর জন্য ১৮০ ও একটি ছাগলের জন্য ৮০ টাকা হাসিল আদায় করার কথা।
পাউবোর কলোনির পাশের নেকমরদ হাটের ইজারাদার তোজাম্মুল হক পাউবোর একটি ঘরের বারান্দায় বসে হাসিল আদায়ের খোঁজখবর নিচ্ছিলেন। তিনি বলেন, জেলার সব হাটেই রসিদের চেয়ে বাড়তি হাসিল আদায় করা হচ্ছে। এটা প্রশাসন ভালোই জানে। জায়গার সংকটের কারণে পাউবোর কাছ থেকে ভাড়া নেওয়া জায়গায় হাট চালাতে হচ্ছে। ভাড়ার জন্য গরুপ্রতি ২০ ও গোল্ডকাপ ফুটবল খেলার খরচের জন্য ১০ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে।
জমিটি ব্যবহারের জন্য পাউবোর সঙ্গে চুক্তি হয়েছে কি না, জানতে চাইলে তোজাম্মুল হক বলেন, ‘এসব বিষয় নেকমরদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক বলতে পারবেন। তিনিও এ হাটের ইজারার একজন অংশীদার।’
ইউপি চেয়ারম্যান এনামুল হক মুঠোফোনে বলেন, হাট বসানোর জন্য পাউবোকে তেমন কোনো টাকা দেওয়া হয় না। শুধু কয়েকজন লোককে চা-নাশতা খেতে কিছু টাকা দেওয়া হয়।
পাউবোর জেলা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, নেকমরদে পাউবোর জায়গায় বসানো হাট অবৈধ। এ জমিতে হাট বসানোর জন্য লিখিত অনুমতি নেওয়া হয়নি। এ জন্য পাউবোকে কোনো টাকাও দেওয়া হয় না। এর আগে পদক্ষেপ নিয়েও হাট বসানো বন্ধ করা যায়নি।
ইউএনও খন্দকার মো. নাহিদ হাসান বলেন, তিনি হাটে অতিরিক্ত হাসিল আদায়ের খবর জানেন। ইজারাদারেরা বলেছেন, তাঁরা আদায় করা অতিরিক্ত টাকা দিয়ে হাটের জন্য নতুন জমি কিনবেন। তবে এ পর্যন্ত কত টাকা আদায় করা হয়েছে এবং তা কোথায় জমা রয়েছে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।
জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।