পাউবোর জায়গা দখল করে দোকানপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ দখল করে দোকান করেছেন এলাকার লোকজন। এতে হুমকিতে রয়েছে বেড়িবাঁধ। বেড়িবাঁধের এনায়েতনগর এলাকা থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম অালো
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ দখল করে দোকান করেছেন এলাকার লোকজন। এতে হুমকিতে রয়েছে বেড়িবাঁধ। বেড়িবাঁধের এনায়েতনগর এলাকা থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম অালো

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ (বেড়িবাঁধ) ও আশপাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৬০ একর জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করেছেন স্থানীয় লোকজন। এতে বাঁধ রক্ষণাবেক্ষণ ও সেচের কাজ ব্যাহত হচ্ছে। বাঁধটি আছে ভাঙনের মুখে।
পাউবোর চাঁদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ ১৯৮৮ সালে নির্মিত। বেড়িবাঁধটি ৬০ কিলোমিটার দীর্ঘ। বেড়িবাঁধ ও আশপাশের অন্তত নয়টি এলাকায় অবৈধভাবে জায়গা দখল করা হয়েছে। স্থানীয় লোকজন ২০১৩ সাল থেকে গত বছর পর্যন্ত এসব জায়গায় অন্তত ২০০টি দোকানপাট এবং বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। আধা পাকা ও পাকা এসব দোকানের মধ্যে মুদি, রড-সিমেন্ট, চায়ের, রেস্তোরাঁ, ওষুধ, কাপড়, প্রসাধন সামগ্রীর দোকান রয়েছে।
পাউবোর চাঁদপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, অন্তত ২০১ জন পাউবোর ওই ৬০ একর জায়গা দখল করেছেন। এ কারণে সেখানে বেড়িবাঁধের সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ ব্যাহত হচ্ছে। বাঁধের এনায়েতনগর, ষাটনল ও এখলাসপুর অংশে পাউবোর বসানো পাথরের ব্লক সরিয়ে দোকান নির্মাণ করা হয়েছে। কয়েকটি অংশ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে। সেখানে গর্তের সৃষ্টি হয়েছে। এসব কারণে ভাঙনের হুমকির মুখে রয়েছে বেড়িবাঁধটি। আশপাশে কয়েকটি জলাশয় এবং বাঁধের ভেতরে কয়েকটি সেচখালও দখল হয়ে গেছে।
৬ মে ওই বেড়িবাঁধের এনায়েতনগর, ঠেটালিয়া, মমরোজকান্দি, ষাটনল, এখলাসপুর, চান্দ্রাকান্দি ও রামদাসপুর এলাকায় দেখা গেছে, সেখানে বাঁধ ও পাশের জায়গায় দোকানপাট রয়েছে। এনায়েতনগর ও এখলাসপুর এলাকায় বাঁধে বসানো পাথরের ব্লক সরিয়ে দোকান ও স্থাপনা নির্মাণ করছেন লোকজন। ঠেটালিয়া এলাকায় কয়েকটি সেচখাল ভরাট করে রাস্তা নির্মাণ করা হয়েছে।
এখলাসপুর এলাকার আশ্রাফ হোসেন ও দেলোয়ার মাঝি বলেন, কর্তৃপক্ষকে ‘ম্যানেজ’ করেই তাঁরা তাঁদের এলাকায় বেড়িবাঁধে দোকান দিয়েছেন।
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ফতেপুর-ঠেটালিয়া-সিপাইকান্দি এলাকার পানি ব্যবহারকারী দলের সাধারণ সম্পাদক গোলাম নবী বলেন, বিষয়টি চাঁদপুর পাউবোর কর্মকর্তাদের একাধিকবার জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পাউবোর চাঁদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর দুর্নীতির কারণেই এত জায়গা বেদখল হয়ে আছে। কয়েক দিন আগে তাঁর অপসারণ চেয়ে কৃষক সংগঠনগুলো পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে।
দুর্নীতির অভিযোগ অস্বীকার করে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের দায়িত্বে থাকা পাউবোর চাঁদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এস এম আতাউর রহমান বলেন, জায়গা ছেড়ে দেওয়ার জন্য দখলদারদের নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া দখলদারের তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এ মাসেই উচ্ছেদ অভিযান চালানো হবে।