পাউবোর নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি অনুসন্ধানে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুর রাজ্জাক খানের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে উপপরিচালক মো. হামিদুল হাসানকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পরিচালক মোহাম্মদ বেলাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে তদারককারী কর্মকর্তা হিসেবে ।
দুদক সূত্র জানায়, আবদুর রাজ্জাক খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। যার মধ্যে রয়েছে রাজধানীতে আটতলা একটি ভবন ও দুটি দামি গাড়ি। প্রাথমিকভাবে এসব অভিযোগের সত্যতা যাচাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রটি আরও জানায়, আবদুর রাজ্জাক খান ছাড়াও আরও দুজন প্রকৌশলীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধানে পাউবোর মহাপরিচালকের যাবতীয় তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। কাগজপত্র পাওয়ার পর পর্যালোচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।