পাউরুটিতে তেলাপোকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের লালখান বাজারের হাইওয়ে সুইটস নামের দোকানটিতে থরে থরে সাজিয়ে রাখা পাউরুটি। কিন্তু এর একটিতে পাওয়া গেল মরা তেলাপোকা। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত আজ সোমবার এই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অপর সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাশ উপস্থিত ছিলেন। প্রায় চার ঘণ্টাব্যাপী নগরের বিভিন্ন স্থানে ভেজাল এবং ওজনে কারচুপির বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ফয়েজ উল্লাহ বলেন, হাইওয়ে সুইটসে পাউরুটিতে মৃত তেলাপোকা পাওয়া যায়। এ ছাড়া তাদের কারখানা ছিল নোংরা এবং অস্বাস্থ্যকর। তাই প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এটিসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

নগরের চৌমুহনী কর্ণফুলী কাঁচাবাজারে মো. আলীর মুরগির দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি দেশি এবং পাকিস্তানি কর্ক মুরগি একসঙ্গে মিশিয়ে বিক্রি করছিলেন। এ ছাড়া ওজনে কারচুপিরও প্রমাণ পাওয়া যায়। ওজনে কারচুপির জন্য একই বাজারের মোহাম্মদ নামে মাছ বিক্রেতাকে ৫০০ টাকা ও হারুন মিয়ার সবজি দোকানকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই স্থানের নোংরা পরিবেশের জন্য ইনসাফ হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে একই আদালত নোংরা পরিবেশের জন্য লালখান বাজারের কিংস হোটেলকে পাঁচ হাজার টাকা, নিউ সুইটস কেয়ারকে ১৪ হাজার টাকা এবং চানমারি হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।