পাওনা আদায়ে অপহরণের অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক শিশুকে (৭) অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার থেকে শিশুটি নিখোঁজ বলে জানা গেছে। এ ঘটনায় গত শনিবার থানায় একটি মামলা দায়ের হয়েছে।
শিশুটির নানা অভিযোগ করেন, শিশুটির খালু মুঠোফোনে গত রোববার বিকেলে ও গতকাল সোমবার সকালে তাঁর পাওনা ৩০ হাজার টাকা দাবি করেছেন। ওই টাকা না দিলে শিশুটিকে ফেরত দেবেন না বলে হুমকি দেন তিনি।
নিখোঁজ ওই শিশু উপজেলার একটি কিন্ডারগার্টেনের ছাত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান তার খালু।
পুলিশ ও অপহৃত শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির বাবার বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। তার বাবা ও মা ঢাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। তাই সে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নানাবাড়িতে থেকে পড়ালেখা করত। মেয়েটির খালুর কাছ থেকে কয়েক হাজার টাকা ঋণ নেন তাঁর (মেয়ে) বাবা। কিন্তু পরে তা আর পরিশোধ করেননি। পাওনা টাকা না পেয়ে খালুই মেয়েটিকে অপহরণ করেছেন। এরপর থেকে তার খালু এলাকায় নেই।
মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, শিশুটিকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।