পাওনা আদায়ের নামে আটকে রাখার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের কচুয়া উপজেলায় পাওনা টাকা দিতে টালবাহানা করায় একজন মুক্তিযোদ্ধাকে দিন ও রাতভর ক্লাবঘরে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় মামলার পর এজাহারনামীয় আসামি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই মুক্তিযোদ্ধার নাম সুবোধ করাতি (৬২)। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) কচুয়ার সোলারকোলা গ্রামের আবদুল লতিফ তালুকদারের (৭৫) বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার অন্যতম সাক্ষী। লতিফ বর্তমানে কারাগারে রয়েছেন।
কচুয়া থানায় দায়ের হওয়া মামলা সূত্রে জানা যায়, রঞ্জিদা বেগম নামে স্থানীয় এক নারীর কাছ থেকে সুবোধ প্রায় তিন বছর আগে সুদে ৫০ হাজার টাকা নিয়েছিলেন। নির্ধারিত সময়ে তিনি তা শোধ দিতে পারেননি। সুদে-আসলে পাওনা এখন প্রায় তিন লাখ টাকা হয়েছে বলে সম্প্রতি দাবি তোলেন পাওনাদার। তা আদায়ে গত সোমবার সকালে রঞ্জিদা কচুয়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মামুন শেখ (৩২), কচুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি খন্দকার নিয়াজ ইকবাল ও রুহুল নামে আরেকজনকে সঙ্গে নিয়ে কচুয়া সদরে যান। একপর্যায়ে তাঁরা সুবোধকে রিপোর্টার্স ক্লাবের পাশের একটি ঘরে ডেকে নিয়ে আটকে রাখেন।