পাওনা টাকা আদায় করতে গিয়ে খুন
আরেকজনের পাওনা টাকা আদায় করতে গিয়ে খুন হলেন মোটরশ্রমিক লিমন (২৬)। গত শনিবার রাতে তাঁকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। নগরের কেল্লাবন্দ এলাকার বাসিন্দা শাহজাহানকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
লিমন নগরের ভগি বালাপাড়ার আফজাল হোসেনের ছেলে। তিনি মোটরশ্রমিকের কাজ করতেন।
মামলার এজাহার থেকে জানা যায়, মিন্টু নামের এক রিকশাচালক কেল্লাবন্দের শাহজাহানকে সুদের ওপর পাঁচ হাজার টাকা ধার দেন। তিনি এ টাকা আদায়ের জন্য লিমনকে দায়িত্ব দেন। ওই টাকা আদায়ের জন্য লিমন তাঁর বন্ধু পাভেলকে (২৬) নিয়ে শনিবার রাত ১২টার দিকে নগরের ধাপ এলাকায় যান। সেখানে দেশ ক্লিনিকের পাশে টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহজাহান ও তাঁর দুই সহযোগী লিমনের পেটে ছুরিকাঘাত করেন। এতে লিমন মাটিতে লুটিয়ে পড়লে তাঁর গলায় ছুরি চালানো হয়। লিমনকে বাঁচাতে পাভেল এগিয়ে এলে তাঁকেও মারপিট করা হয়। লিমন ঘটনাস্থলেই মারা যান। পাভেলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।