পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী বাজারের এক ব্যবসায়ী গত মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। তাঁর নাম মো. ইউছুপ। তিনি গাড়ির যন্ত্রাংশের ব্যবসা করেন। তাঁর বাড়ি বাজারের কাছে পশ্চিম কলাউজান এলাকায়। এ ঘটনায় গতকাল বুধবার তাঁর পরিবার লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
ব্যবসায়ীর ছোট ভাই এনামুল হক প্রথম আলোকে বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এক ব্যক্তি তাঁর ভাইকে ফোন করে বকেয়া টাকা নিয়ে যেতে বলেন। যাওয়ার সময় পাশের দোকানদারকে তাঁর ভাই বলে যান তিনি সাতকানিয়ার কেরানীহাটে সামানস গ্রুপের কাছ থেকে বকেয়া টাকা আনতে যাচ্ছেন। এরপর থেকে তাঁর ভাইয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। ফোনও বন্ধ রয়েছে।
এ বিষয়ে সামানস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে ইউছুপের কাছ থেকে ধারে পণ্য কিনেছি। বর্তমানে প্রায় ৩৭ হাজার টাকা তিনি আমাদের কাছে পাবেন। কিন্তু ৮ নভেম্বর আমাদের প্রতিষ্ঠানের কেউ টাকা নিতে তাঁকে ফোন করেনি।’
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান প্রথম আলোকে জানান, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে পুলিশ চেষ্টা করছে।