পাওনা টাকা চাইতে গিয়ে যুবক খুন
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বন্ধুর কাছে পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের হেলাল মিয়া নামের (৩০) দুবাইপ্রবাসী এক যুবক। হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে হেলালের লাশ গতকাল সোমবার বিকেলে শাহজাদাপুর গ্রামে পৌঁছেছে।
পুলিশ ও নিহত যুবকের পরিবার সূত্র জানায়, সরাইলের শাহজাদাপুর গ্রামের আবু সাইদ মিয়ার ছেলে হেলাল মিয়া কয়েক বছর আগে দুবাই যান। সেখানে মাধবপুরের ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামের সাবেক ইউপি সদস্য নূর উদ্দিনের ছেলে আলমগীর হোসেনের সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে ওঠে। ছয় মাস আগে হেলাল মিয়া তাঁর আত্মীয়ের ভিসার জন্য আলমগীরকে সাত লাখ টাকা দেন। আলমগীর ভিসা দিতে ব্যর্থ হয়ে তিন মাস আগে দেশে ফিরে আসেন। এর ১০-১৫ দিন পর হেলালও ছুটিতে দেশে আসেন।
গত শুক্রবার টাকার জন্য আলমগীরের বাড়িতে যান হেলাল। রোববার দুপুরে আলমগীরের বাড়ির পাশের একটি গাছ থেকে হেলালের ঝুলন্ত লাশ উদ্ধার করেন ছাতিয়াইন পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল। হেলালের ভাই মিজান মিয়া অভিযোগ করে বলেন, ‘আলমগীর আমার ভাইকে টাকা দেওয়ার কথা বলে তাঁদের বাড়িতে নিয়ে হত্যা করেছে। পরে লাশ গাছে ঝুলিয়ে পরিবারের সবাই পালিয়েছে।’