
পাওনা টাকা চাওয়ায় সিলেটের কোম্পানীগঞ্জে কিশোর বিনাম হোসেনকে (১৬) গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হওয়া হত্যা মামলার তিন আসামি গত সোমবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জের লেছুখাল গ্রামের আলী আহমদের ছেলে বিনাম গত ১৬ আগস্ট সন্ধ্যায় বাসা থেকে বের হয়। এরপর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে বিনামের বাবা রাতে কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২৮ আগস্ট কোম্পানীগঞ্জ প্রাণিসম্পদ হাসপাতালের সামনে একদল কিশোর বালুর নিচে এক ব্যক্তির বিচ্ছিন্ন মাথা দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে পুলিশ বালুচাপা দেওয়া অবস্থায় লাশ ও বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে। এ সময় এলাকাবাসী ও পরিবারের সদস্যরা লাশটি বিনামের বলে শনাক্ত করেন।
লাশ উদ্ধারের দুই দিন পর ৩০ আগস্ট কোম্পানীগঞ্জের বুড়দেও গ্রামের শামসুজ্জামান (১৯), নুরুজ্জামান (১৯) ও মো. শাহীন মিয়া (১৮) নামে তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশের কাছে তাঁরা হত্যার কথা স্বীকার করেন। ওই দিনই ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ। এরপর বিনামের বাবার জিডি হত্যা মামলায় রূপান্তরিত হয়। ওই মামলায় শামসুজ্জামান, নুরুজ্জামান ও শাহীন মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা প্রথম আলোকে জানান, সোমবার সিলেটের মুখ্য হাকিম আদালতে বিনাম হত্যা মামলার আসামিরা জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা বলেন, বিনাম হোসেন তাঁদের এক বন্ধু পাভেলের কাছে ১০ হাজার টাকা পেত। বিনাম তার পাওনা টাকা ফেরত চাইলে পাভেল ক্ষুব্ধ হন। একপর্যায়ে টাকা দেওয়ার কথা বলে ১৬ আগস্ট রোববার রাতে বিনামকে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ-সংলগ্ন বেসরকারি একটি এনজিওর কার্যালয়ের পাশে খালি জায়গায় নেওয়া হয়। সেখানে পাভেলসহ তাঁরা চারজন গল্পের ছলে বিনামকে মদ পান করান। এরপর পেছন থেকে রড দিয়ে বিনামের মাথায় আঘাত করে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে বিনামের গলা কেটে ফেলা হয়। এরপর লাশ গুম করতে বালুচাপা দেওয়া হয়। কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সফিউল কবীর জানান, প্রায় ছয় মাস আগে বিনামের কাছ থেকে ১০ হাজার টাকা ঋণ হিসাবে নিয়েছিলেন পাভেল। পাভেলের পরিকল্পনাতেই বিনামকে হত্যা করা হয়। পাভেলকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।