পাওনা টাকা চাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গত রোববার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মফিজ উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গরুর ব্যবসার জন্য উপজেলার সোনাতনি ইউনিয়নের বড়চামতারা বাঙ্গালাপাড়া গ্রামের মফিজের কাছ থেকে একই গ্রামের সাত্তার ও আবু সাঈদ ৩০ হাজার টাকা ধার নেন। গত সপ্তাহে ওই টাকা চাইলে মফিজ ও সাত্তারের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে রোববার টাকা পরিশোধের দিন ধার্য হয়। বোরবার মফিজ টাকা চাইতে গেলে সাত্তার ও সাঈদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সাত্তার ও সাঈদ টাকা দিতে অস্বীকার করেন। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাঠি, ফালা ও হলঙ্গার আঘাতে মফিজ ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া ১০ জন আহত হন।
থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী বুলবুলি মামলা করেছেন। এজাহারভুক্ত শরিয়তকে গ্রেপ্তার করা হয়েছে।