পাওনা টাকা চাওয়ায় গরম চা ছুড়লেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা টাকা চাওয়ায় চা দোকানির শরীরে গরম চা ছুড়েছেন এক গ্রাহক। গরম চা লেগে চা দোকানি তাজুল ইসলামের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। আজ রোববার সকাল আটটায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বালিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

চা দোকানের পাশের কয়েকজন দোকানির ভাষ্য, গ্রামের মাদ্রাসার কাছাকাছি তাজুলের চায়ের দোকান। আজ সকাল আটটায় তাঁর চায়ের দোকানে চা পান করতে যান ওই এলাকার বাসিন্দা নুরুল ইসলাম। এ সময় তাজুল ওই ব্যক্তির কাছে আগের কিছু পাওনা টাকা চান। এতে ক্ষুব্ধ হয়ে নুরুল পাশে বসা দুই ব্যক্তির হাত থেকে গরম চা ভর্তি দুটি কাপ নিয়ে তা ছুড়ে মারেন তাজুলের গায়ে। এতে তাজুলের চোখ, মুখ, গাল ও গলা ঝলসে যায়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই ব্যক্তি পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকেরা তাজুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহবুবুর রহমান বলেন, ওই ব্যক্তির গলা, মুখ ও গাল কিছুটা ঝলসে গেছে। তাঁকে অ্যান্টিবায়োটিক ও মলম দেওয়া হয়েছে। সুস্থ হতে তিন-চার দিন লাগবে।

হাসপাতালে চিকিৎসাধীন তাজুল এই প্রতিবেদককে বলেন, ওই ব্যক্তি (নুরুল) এলাকায় খুবই প্রভাবশালী। তাঁর কাছে চা বাবদ ৪০-৫০ টাকা বাকি ছিল। ওই টাকা চাওয়ায় তাঁর ওপর গরম চা ছোড়া হয়েছে। নিরাপত্তার কথা ভেবে তিনি থানায় মামলা করেননি। তবে বিষয়টি টেলিফোনে পুলিশকে জানানো হয়েছে।

নুরুল ইসলামের চাচা সাইফুল ইসলাম জানান, তিনি ঘটনা শুনেছেন। ঘটনার পর থেকে নুরুল বাড়িতে ফেরেনি। তাঁর মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ বা মামলা করেননি। মামলা করলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।