পাওনা টাকা চাওয়ায় পাঁচজনকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার ইজারা গ্রামে গত শনিবার সন্ধ্যায় পাওনা টাকা চাওয়া নিয়ে বিরোধের জের ধরে এক পরিবারের পাঁচজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহত ব্যক্তিরা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলায় আহত রিজিয়া বেগম বলেন, ইজারা গ্রামের বাড়ির সামনে তাঁর একটি মুদি দোকান রয়েছে। তাঁর দোকান থেকে একই গ্রামের বেল্লাল শেখ ও তাঁর পরিবারের সদস্যরা কেনাকাটা করতেন। বিভিন্ন সময় বাকিতে কেনাকাটা করায় বেল্লালের কাছে রিজিয়া কয়েক হাজার টাকা পান। শনিবার সন্ধ্যায় বেল্লাল শেখকে দোকানের সামনে পেয়ে রিজিয়া পাওনা টাকা চান। এ নিয়ে রিজিয়া ও তাঁর স্বামী ইলিয়াসকে মারপিট করেন বেল্লাল শেখ। পরে রিজিয়ার দেবর ঝালমুড়ি বিক্রেতা বেল্লাল হোসেনকে মারপিট করেন বেল্লাল শেখ ও তাঁর স্বজনেরা। এ সময় বেল্লালকে উদ্ধার করতে গেলে প্রতিপক্ষের লোকজনের পাইপ ও লাঠির আঘাতে রিজিয়া বেগম (৪৮), তাঁর স্বামী ইলিয়াস মিয়া (৫৫), দেবর মোকসেদ আলী (৩৮), বেল্লাল হোসেন (৩০) ও ননদ তহমিনা (৪০) আহত হন।
ইলিয়াস মিয়া বলেন, ‘হামলাকারীরা সংখ্যায় ১০ জনের বেশি ছিল। আমরা আহত হওয়ার পর হাসপাতালে যেতে বাধার সৃষ্টি করা হয়।’
অভিযোগের ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও বেল্লাল শেখ ও তাঁর পরিবারের কাউকে পাওয়া যায়নি।