পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে পেটালেন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগের নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে পাওনা টাকা চাওয়ায় শাহার আলী (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই চেয়ারম্যান ও তাঁর অনুসারী বৃদ্ধকে মারধর করেন।

স্থানীয় লোকজন ও আহত বৃদ্ধের অভিযোগ, উপজেলার পিংনা ইউনিয়নের ফুলদহেরপাড়া গ্রামের শাহার আলীর পুকুর থেকে স্থানীয় ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য খন্দকার মোতাহার হোসেন রাস্তার কাজের জন্য মাটি তুলে বিক্রি করেন। এতে পুকুরের পাড় ভেঙে বন্যার সময় মাছ ভেসে যায়। পুকুরের সীমানা মেরামত, মাটিকাটা, মাছের ক্ষতিপূরণ বাবদ শাহার আলীকে প্রায় ৬০ হাজার টাকা দেওয়ার কথা চেয়ারম্যানের।

গতকাল সকাল ১০টায় চেয়ারম্যান মোতাহার হোসেন বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বৃদ্ধ তাঁর কাছে পাওনা টাকা চান। এতে চেয়ারম্যান ও তাঁর দেহরক্ষী সেলিম মিয়া বৃদ্ধ শাহার আলীকে মারতে শুরু করলে তাঁর চিৎকারে পরিবারের লোকজন ও এলাকাবাসী ছুটে এসে বৃদ্ধকে উদ্ধার করেন। চেয়ারম্যান ও তাঁর দেহরক্ষী যাওয়ার সময় বৃদ্ধের ঘরবাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

বৃদ্ধ শাহার আলী অভিযোগ করেন, ‘আমার ৬০ শতাংশ জমিতে লাগানো প্রায় দুই শতাধিক কলাগাছ চেয়ারম্যান ও তাঁর লোকজন কেটে ফেলেন। পুকুর থেকে মাটি কাটার পাওনা টাকা চাওয়ায় চেয়ারম্যান ও তাঁর দেহরক্ষী আমাকে মারধর করেন। চেয়ারম্যানের ভয়ে থানায় অভিযোগ দায়ের করতে সাহস পাইতেছি না।’

এ ব্যাপারে চেয়ারম্যান মোতাহার হোসেন বলেন, ‘শাহার আলী আমার কাছে কোনো টাকা পান না। আমার সঙ্গে তর্ক করায় শাহার আলীরে একটু ধাক্কা মেরেছি। আর কিছু না।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বলেন, চেয়ারম্যান বৃদ্ধ লোকটিকে মেরে ঠিক করেননি। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, অভিযোগ পেলে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।