পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুরে গত বৃহস্পতিবার রাতে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। পাওনা টাকা চাওয়ায় এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন তিনি। হামলার আগে তাঁর বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়।
আহত ব্যবসায়ীর নাম নাফিজ আল মামুন ওরফে হেলাল (৩২)। তিনি দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুরের মৃত আবদুর রহমানের ছেলে। তিনি দর্শনার তুলতুল কফি হাউস ও ফাস্টফুড নামের খাবারের দোকানের মালিক।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসাধীন নাফিজ গতকাল শুক্রবার দুপুরে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি যাচ্ছিলেন। পথে ঈশ্বরচন্দ্রপুরে বিজিবি ক্যাম্প এলাকায় ১০/১১টি মোটরসাইকেলে অন্তত ২০ জন এসে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁর মাথা ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়।
নাফিজ বলছেন, হামলাকারীরা ক্ষমতাসীন দলের একটি পক্ষের ছত্রচ্ছায়ায় থাকে। তাদের কাছে পাওনা তিন হাজার টাকা চাওয়ায় এ হামলা হয়েছে। হামলাকারীদের নাম-ঠিকানা জানতে চাইলে নাফিজ বলেন, তিনি পুলিশের কাছে তা দেবেন।
এদিকে নাফিজের বড় বোন আফসানা মেহজাবীন বলেন, হামলাকারীরা ঘটনার ১৫ মিনিট আগে বাড়িতে এসেছিল। নাফিজকে না পেয়ে তারা ঘরের দরজা-জানালা ও আসবাব ভাঙচুর ও লুটপাট করে। আফসানা বলছেন, দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যেই নাফিজকে কুপিয়েছে। মৃত ভেবে তাঁকে ফেলে রেখে যায় তারা। এ ঘটনায় শিগগিরই থানায় মামলা করা হবে।