পাওনা টাকা চাওয়ায় মারধর পরে মৃত্যু
চট্টগ্রামের রাউজানে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের মারধরের শিকার হয়ে মো. হানিফ নামের এক ব্যক্তি মারা গেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মো. হানিফ এলাকায় হানিফ কন্ট্রাক্টর নামে পরিচিত। রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাচা মিয়ার দোকান এলাকার বাসিন্দা তিনি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ বলেন, এলাকার কয়েকজনের সঙ্গে হানিফের পূর্বশত্রুতা ছিল। বৃহস্পতিবার দুপুরে এক ব্যক্তির কাছে তিনি পাওনা টাকা চাইতে চান। তখন তাঁকে কয়েকজন মারধর করেছেন। আহত অবস্থায় প্রথমে তাঁকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর তাঁকে বাসায় নিয়ে যান পরিবারের সদস্যরা। গভীর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে জানান ওসি।