পাওনা টাকা চাওয়ায় রক্তাক্ত জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা টাকা চাওয়ায় বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পিংলাকাঠী গ্রামে মো. হানিফ নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের পোঁচ দিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। গত রোববার সকালের এ ঘটনায় গতকাল সোমবার গৌরনদী মডেল থানায় মামলা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, হানিফের (৩৫) বাড়ি দক্ষিণ পিংলাকাঠী গ্রামে। তিনি ঢাকায় ভাড়ায় অ্যাম্বুলেন্স চালান। প্রায় দুই বছর আগে তিনি জমি কেনা বাবদ পাশের শংকরপাশা গ্রামের মনির হোসেন নামের এক ব্যক্তিকে ১ লাখ ৭০ হাজার টাকা দেন। কিন্তু মনির এত দিনেও তাঁকে ওই জমি দলিল করে দেননি। হানিফ গত শনিবার সকালে মনিরের বাড়ি গিয়ে জমি দলিল করে দিতে বলেন। তা না হলে টাকা ফেরত দিতে বলেন। এ নিয়ে দুজনের বাগ্‌বিতণ্ডা হয়। রোববার সকাল ১০টার দিকে হানিফ পিংলাকাঠী বাজারে যাচ্ছিলেন। বাজারের অদূরে কয়েকজন সহযোগী নিয়ে মনির তাঁর পথরোধ করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পোঁচ দিয়ে রক্তাক্ত জখম করেন। পরে আশপাশের লোকজন এসে হানিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দেওয়ান আবদুস সালাম বলেন, হানিফের পিঠে ও হাতে পাঁচটি জখম রয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত। মুঠোফোনে গতকাল দুপুরে জানতে চাইলে মনির হোসেন টাকা নেওয়ার কথা স্বীকার করলেও হামলার অভিযোগ অস্বীকার করেন।