পাওনা টাকা চাওয়ায় সংঘর্ষ নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে লিয়াকত শেখ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে স্থানীয় বাগুয়ান বাজারে এ ঘটনা ঘটে।
নিহত লিয়াকত শেখ (৫০) মুজিবনগর উপজেলার বাগুয়ান গ্রামের বাসিন্দা ছিলেন।
সংঘর্ষে আহত হয়েছেন লিয়াকত শেখের ছেলে ফয়সাল হোসেন (২৫), ভাই মাবুদ শেখ (৪৫) ও পারভেজ হোসেন (৪০)। তাঁদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বাগুয়ান বাজারে লিয়াকত শেখের ভাই রিপন শেখের চায়ের দোকান আছে। স্থানীয় খোকনের কাছে ৪০০ টাকা পাওনা ছিলেন রিপন। গতকাল বিকেলে রিপন খোকনের কাছে পাওনা টাকা চাইলে এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। দেশীয় অস্ত্র নিয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। এতে লিয়াকত শেখসহ কয়েকজন আহত হন। তাঁদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লিয়াকতকে মৃত ঘোষণা করেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, লিয়াকতের বাঁ হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।