পাওনা টাকা চাওয়ায় হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলায় এক যুবকের ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। অভিযোগ, পাওনা টাকা চাওয়া নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে চরভাবনা গ্রামের ঈদগাহ মাঠের সামনে এ ঘটনা ঘটে।

খোরশেদ উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরভাবনা গ্রামের আবদুস ছোবাহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরভাবনা গ্রামে খোরশেদের মেয়ে মিনা বেগমের একটি মুদি দোকান আছে। ওই দোকান থেকে পার্শ্ববর্তী ময়মনসিংহের ফুলপুর উপজেলার চরনিয়ামতপুর গ্রামের ময়না মিয়া (২৫) বাকিতে বিভিন্ন জিনিসপত্র কিনতেন। এভাবে ময়নার কাছে মিনা ১৮০ টাকা পাওনা হন। আজ সকালে ময়নার কাছে মিনা বাকি টাকা চাইলে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনার পর ময়না ওই দোকান থেকে চলে যান।

সকাল ১০টার দিকে খোরশেদ আলম মেয়ের দোকানে যাওয়ার পথে চরভাবনা ঈদগাহ মাঠের কাছের সড়কে ময়না খোরশেদকে ছুরিকাঘাত করেন। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ওই অবস্থায় তাঁর রক্তক্ষরণ শুরু হয়। এ সময় আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে নকলা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পরপরই ময়না পালিয়ে যান।

নকলা থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সুরতহাল প্রতিবেদনে নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম হায়দার বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নকলা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য খোরশেদ আলমের মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালালেও ময়নাকে আটক করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাওনা টাকা চাওয়ার বিষয়টিকে কেন্দ্র করেই খোরশেদকে হত্যা করা হয়েছে।