পাওনা টাকা না দেওয়ায় খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নিজ দোকান থেকে এক ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনার ৫২ দিন পর এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. মাসুদ। পুলিশের দাবি, পাওনা টাকা না পেয়ে মাসুদ তাঁর বন্ধু ব্যবসায়ী মো. শাহজালাল ফরহাদকে হত্যার করেছেন।
গত বৃহস্পতিবার রাতে নগরের পাহাড়তলী থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার পুলিশ জানায়, পাওনা টাকা না পেয়ে বন্ধু ফরহাদকে হত্যার কথা স্বীকার করে গতকাল শুক্রবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
গত ৭ আগস্ট নগরের জলসা মার্কেটের তৃতীয় তলায় ‘বিসমিল্লাহ কফি হাউস’ নামের দোকান থেকে ফরহাদের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় তাঁর ছোট ভাই রায়হান উদ্দিন বাদী হয়ে নিহতের বন্ধু মো. মাসুদকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ঘটনার পর আসামি ঢাকায় পালিয়ে যান। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে নগরের পাহাড়তলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে মাসুদ পুলিশের কাছে স্বীকার করেন, নিহত ফরহাদ ও তাঁর বাড়ি ফেনীতে। পূর্বপরিচয়ের সূত্র ধরে ফরহাদকে তিন লাখ টাকা ধার দেন তিনি। বিদেশে যাওয়ার জন্য ফরহাদের কাছে টাকা ফেরত চান মাসুদ। কিন্তু টাকা না পেয়ে ঘটনার দুই দিন আগে রাতে দোকানের ভেতর ফরহাদের মাথায় বোতল দিয়ে আঘাত করেন। এতে ফরহাদ মারা যান। পরে তাঁর লাশ বস্তাবন্দী করে অটোরিকশায় করে নদীতে ফেলে দেওয়ার পরিকল্পনা করেন। কিন্তু তাঁর পরিচিত এক গাড়িচালক লাশটি দোকান থেকে নিতে রাজি না হওয়ায় নদীতে ফেলা যায়নি। পরে দোকান বন্ধ করে মাসুদ পালিয়ে যান।
শাহ মুহাম্মদ আবদুর রউফ বলেন, আসামি মাসুদকে গতকাল বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরীর আদালতে হাজির করা হয়। সেখানে পাওনা টাকা না পেয়ে ফরহাদকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন মাসুদ। পরে তাঁকে আদালতে নির্দেশে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।