পাওনা টাকা নিয়ে বিরোধে মারধরের অভিযোগ
পাওনা টাকা আদায়ের জের ধরে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত বৃহস্পতিবার এক ব্যক্তিকে মারধর করা হয়েছে। এ ঘটনায় গতকাল রোববার থানায় অভিযোগ করা হয়েছে।
আহত ব্যক্তির নাম পিন্টু ফ্রান্সিস (৩৫)। তিনি পালাহার গ্রামের বাসিন্দা। তিনি হাঁসের খামারি। চার দিন ধরে তিনি কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পিন্টুর স্ত্রী মিতু স্টেফানি বলেন, পাওনা টাকা নিয়ে পালাহার গ্রামের হাঁস-মুরগির খাবার ব্যবসায়ী নিয়ামুল হকের ছোট ভাই মো. আলিমসহ (৩০) কয়েকজন বৃহস্পতিবার বিকেলে বাড়িতে এসে পিন্টুকে পিটিয়ে আহত করে চলে যান। বিষয়টি মীমাংসা করার কথা বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক মিয়ার লোকজন রাত সাড়ে ১০টার দিকে পিন্টুকে মুশুলি বাজারে ডেকে নিয়ে যান। এর ঘণ্টা খানেক পর মুঠোফোনে খবর পান, তাঁর স্বামী অচেতন অবস্থায় মুশুলি স্কুল অ্যান্ড কলেজের ফটকের সামনে পড়ে আছেন। তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
মুশুলি বাজারের কয়েকজন ব্যক্তি বলেন, ইউপি সদস্য ফারুকের ব্যক্তিগত কার্যালয়ের সামনে পিন্টুকে মারধর করা হয়।
ইউপি সদস্য ফারুক মিয়া বলেন, কিশোরগঞ্জ শহরের রুমেল নামের আওয়ামী লীগের এক নেতা পিন্টুকে তাঁর কার্যালয়ে ডেকে আনেন। কিন্তু পিন্টু কীভাবে আহত হলেন, এ সম্পর্কেও তিনি কিছু জানেন না।
এ বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেও রুমেলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রূপসী পোলট্রি ফিড নামের হাঁস-মুরগির খাবার ব্যবসায়ী নিয়ামুল হক বলেন, তিনি পিন্টুর কাছে প্রায় ১৩ হাজার টাকা পান। বৃহস্পতিবার তিনি আলিমকে টাকা চাইতে পিন্টুর বাড়িতে পাঠান। সেখানে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এতে আলিম আহত হন। পরে কী ঘটেছে, তা তিনি জানেন না। তবে তিনি পিন্টুর চিকিৎসার খরচ দিতে চেয়েছেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পিন্টুর স্ত্রী বাদী হয়ে গতকাল বেলা আড়াইটার দিকে একটি অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় একজন কর্মকর্তাকে আইনি প্রক্রিয়া শুরু করার দায়িত্ব দেওয়া হয়েছে।