পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত ১৫
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমোরাপাড়া এলাকায় গতকাল শুক্রবার পাওনা টাকাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই বছর আগে স্থানীয় বাসিন্দা মো. হানিফের কাছ থেকে একই এলাকার মো. আমিন লবণ ব্যবসার জন্য আড়াই লাখ টাকা ধার নেন। গত ২৮ অক্টোবর পাওনা টাকা নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে আমিনের শ্বশুর রশিদ আহমদসহ কয়েকজন হানিফকে ধরে মারধর করেন। এ ঘটনায় দুই পক্ষ টেকনাফ থানায় অভিযোগ দায়ের করলে গতকাল বিকেলে থানায় বৈঠক হওয়ার কথা ছিল। এরই মধ্যে গতকাল বিকেলে হানিফের নেতৃত্বে মো. আমিনকে মারধর করা হয়। এর কিছুক্ষণ পরে মো. আমিন তাঁর লোকজন নিয়ে হানিফের বাড়িতে গিয়ে হামলা চালান। এ সময় দুই পক্ষ দা, কিরিচ, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের ১৫ জন আহত হয়। তাদের টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মো. হানিফ বলেন, ‘দুই বছর আগে ব্যবসার কথা বলে মো. আমিন আড়াই লাখ টাকা ধার নেন। পাওনা টাকা দাবি করলে তিনি টাকা না দেওয়ার জন্য আমার ওপর হামলা চালান।’ তাঁর দাবি, তাঁর বাড়িতে ভাঙচুর করে দুই লাখ টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটে নেওয়া হয়।
মো. আমিন জানান, ‘হানিফের বাড়িতে কোনো হামলা চালানো হয়নি। হানিফ আমাকে মারধর করার সময় আমার আত্মীয়স্বজনেরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।’
হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলী আহমদ বলেন, পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তিনি জানান, আহত ব্যক্তিদের মধ্যে বশির আহমদ নামের এক ব্যক্তির ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যদিকে রশিদ আহমদ ও দিল মোহাম্মদ নামের দুই ব্যক্তির মাথায় কোপানো হয়েছে। ওই তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, উপপরিদর্শক (এসআই) ছানাউল্লাহ নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আছে।