পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে লিয়াকত শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। লিয়াকত উপজেলার বাগুয়ান গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার বিকেল চারটার দিকে বাগুয়ান বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় লিয়াকতের ছেলে ফয়সাল হোসেন (২৫), ভাই মাবুদ শেখ (৪৫) ও পারভেজ হোসেন (৪০) আহত হয়েছেন। আহতদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, লিয়াকতের ভাই রিপন শেখের বাগুয়ান বাজারে একটি চায়ের দোকান আছে। খোকন নামে এলাকার এক বাসিন্দার কাছে রিপন ৪০০ টাকা পাওনা। আজ দুপুরের দিকে স্থানীয় মসজিদে নামাজ পড়ানো নিয়ে রিপনের সঙ্গে খোকনের বাগ্‌বিতণ্ডা হয়। বিকেলের দিকে খোকনের কাছে রিপন পাওনা টাকা ফেরত চাইলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় উভয় পক্ষের লোকজনও বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে একপর্যায়ে সংঘর্ষ বাধলে দেশীয় অস্ত্র নিয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায়। এতে লিয়াকত শেখসহ বেশ কয়েকজন আহত হয়। আহতদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লিয়াকতকে মৃত ঘোষণা করেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন প্রথম আলোকে বলেন, লিয়াকতের বাম হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।