পাওনা টাকার জন্য কাউন্সিলরকে মারধর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাফিজার রহমানকে গত বুধবার পাওনা টাকার জন্য মারধর করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, চাকরি দেওয়ার নাম করে মমিনুল নামে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার নেন কাউন্সিলর মোস্তাফিজার। চাকরি না হওয়ায় মমিনুল টাকার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিলেন মোস্তাফিজারকে। মোস্তাফিজার টাকা না দিয়ে মমিনুলকে ঘুরাচ্ছিলেন। বুধবার রাত আটটায় শহরের কাচারীপাড়ার একটি চায়ের দোকান থেকে মোস্তাফিজারকে কতিপয় ব্যক্তি মারধর করেন। পরে তাঁরা পাশের সমিতির কার্যালয়ে নিয়েও তাঁকে আটকে রেখে মারধর করেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
টাকা নেওয়ার কথা অস্বীকার করে মোস্তাফিজার বলেন, মমিনুলের লোকজন তাঁর ওপর ওই হামলা করেছেন। তবে মমিনুল বলেন, ‘মোস্তাফিজারের কাছে টাকা চাওয়ায় তিনি আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ সময় তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়। কিন্তু তাঁকে মারধর করা হয়নি।’
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে আবদুল্লাহ আল সাইদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউন্সিলর মোস্তাফিজারকে উদ্ধার করে।