পাওনা টাকার জন্য তাইওয়ানি দম্পতির ওপর হামলা
উত্তরায় এক বছর আগে তাইওয়ানের এক ব্যবসায়ী দম্পতিকে হত্যাচেষ্টার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব বলছে, পাওনা টাকার জন্য ওই দম্পতির ওপর হামলা চালানো হয়েছিল।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সাজু মিয়া (২৮), রাজু মিয়া (৩০), এবায়দুল হক (২৪) ও হালিমা বেগম (৪৫)। হালিমা ওই দম্পতির গৃহকর্মী ছিলেন। বাকি তিনজন তাঁদের মালিকানাধীন জিন জিং ইয়াং ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড নামের প্লাস্টিক কারখানার কর্মচারী ছিলেন।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ঢাকা ও গাজীপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়। কারওয়ান বাজারে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের ৫ নভেম্বর রাতে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৪/এ রোডের ৮ নম্বর বাড়িতে ঢুকে ওয়াং মিং চি ও তাঁর স্ত্রী লু লি হুয়ার ওপর হামলা চালানো হয়। বাংলাদেশে এক দশকের বেশি সময় ধরে বসবাস করছিলেন ওই দম্পতি। গাজীপুরের জয়দেবপুরে বড়গাছা এলাকায় তাদের প্লাস্টিক কারখানাটি ছিল। ওয়াং মিং চি ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, তাঁর স্ত্রীও এর একজন পরিচালক। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ওয়াং মিং চি এখনো তাইওয়ানের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বর্তমানে কোমায় রয়েছেন।
সংবাদ সম্মেলনে র্যাব-১-এর কমান্ডার লে কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, ওয়াং মিং চি চুক্তিভিত্তিকভাবে কোম্পানির কিছু কাজ সাজু ও রাজুকে দেন। ওই কাজের বকেয়া ছয় লাখ টাকা নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। টাকা ফেরত না পেয়ে সাজু ও রাজু ওয়াং মিং চির ওপর হামলার পরিকল্পনা করেন। এক বছর আগে ওয়াং মিং চির উত্তরার বাসায় গৃহপরিচারিকা হিসেবে হালিমাকে নিয়োগ দেন সাজু। এরপর হালিমার মাধ্যমেই খোঁজখবর নিতে থাকেন তিনি। হালিমার মাধ্যমে ওই বাসার কলাপসিবল গেট ও দরজার তালার নকল চাবি বানিয়ে নেওয়া হয়।
র্যাবের অধিনায়ক বলেন, ওই বাসার নিচতলা জিন জিংয়ের অফিস হিসেবে ব্যবহার হলেও দ্বিতীয় ও তৃতীয় তলা আবাসিক হিসেবে ব্যবহার করা হতো। ঘটনার দিন রাতে হালিমা ওই দম্পতিকে ঘুমের ওষুধ না খাইয়ে সাজু ও অন্যদের জানান যে তিনি ওই দম্পতিকে ঘুমের ওষুধ খাইয়েছেন এবং তাঁরা ঘুমিয়ে আছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা নকল চাবি দিয়ে প্রথমে কলাপসিবল গেটের তালা খুলে সিঁড়িতে প্রবেশ করেন।