পাওনা টাকার জন্য পায়ে শিকল বেঁধে নির্যাতন?
পাওনা টাকা আদায়ের জন্য এক ব্যবসায়ীর বিরুদ্ধে ইসমাইল ব্যাপারী (৫২) নামের এক ব্যক্তিকে পায়ে শিকল বেঁধে মারধরের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ঢাকার সাভার পৌর এলাকার বিনোদবাইদ মহল্লা থেকে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। এ সময় পুলিশ মোস্তফা আবেদিন নামের ওই ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে যায়।
ইসমাইল দাবি করেন, গত তিন মাসে তিনি ৩০ হাজার টাকা নিয়েছেন। এর মধ্যে তাঁর বেতনের টাকাই রয়েছে ২৮ হাজার ৫০০ টাকা। মাত্র ১ হাজার ৫০০ টাকার জন্য মোস্তফা তাঁকে নানা ভয়ভীতি দেখাতেন। এ কারণে তিনি গা ঢাকা দিয়েছিলেন। শনিবার মোস্তফা কয়েকজন লোক নিয়ে পৌরসভার কাতলাপুর এলাকা থেকে তাঁকে ধরে এনে পায়ে শিকল বেঁধে আটকে রাখেন। এরপর রাত নয়টা পর্যন্ত তাঁকে সেখানে আটকে রেখে মারধর করেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে।
মোস্তফা বলেন, টাকা আদায়ের জন্য তাঁকে ধরে এনে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তবে তাঁকে কোনো মারধর করা হয়নি।
সাভার মডেল থানার এসআই মোফাজ্জল হোসেন বলেন, ইসমাইল মামলা না করায় মোস্তফাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়।