পাওনা টাকার জন্য শিশু হত্যা, একজন গ্রেপ্তার
আবারও শিশু হত্যা। পাওনা টাকা আদায় করতে না পেরে এক রিকশাচালকের শিশুকন্যাকে হত্যা করা হয়েছে বলে স্বজনদের অভিযোগ। গত শনিবার রাতে রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকার একটি নির্মাণাধীন বাড়ির পানির ট্যাংক থেকে সুরাইয়া আক্তার (৪) নামের শিশুটির লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে স্বজনদের অভিযোগের ভিত্তিতে শিশুটির খালু সবুজ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া সবুজ গতকাল রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
চলতি বছর দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি আলোচিত শিশুহত্যার ঘটনা ঘটে। সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবমতে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩৬৬ জন (শূন্য থেকে ১৮ বছরের মধ্যে) শিশুকে হত্যা করা হয়েছে।
গতকাল বেলা ১১টার দিকে সুরাইয়া আক্তারের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। স্বজনেরা জানান, শিশুটির বাবা মোতালেব মিয়া রিকশা চালান। মায়ের নাম সোনিয়া আক্তার। তাঁরা কামারপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।
সুরাইয়ার মামা মো. মামুন বলেন, গত শনিবার বেলা ১১টা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর পাশের একটি নির্মাণাধীন তিনতলা বাড়ির পানির ট্যাংকে তার লাশ পাওয়া যায়। সন্ধ্যা সাতটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করেন। তিনি বলেন, তখন থেকেই সবাই সন্দেহ করছিল শিশুটির খালু সবুজ মিয়া এ ঘটনা ঘটিয়েছেন। কয়েক মাস আগে সবুজ মিয়ার কাছ থেকে সুদে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন সুরাইয়ার মা সোনিয়া আক্তার। সময়মতো টাকা শোধ করতে না পারায় সবুজ মিয়ার সঙ্গে শিশুটির বাবা-মায়ের বিবাদ চলছিল। এর জের ধরেই সবুজ মিয়া শিশুটিকে হত্যা করেছেন বলে তাঁরা মনে করেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন তাদের হাতে না এলেও শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন গ্রেপ্তার হওয়া আসামি।
তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) জুলহাস হোসেন বলেন, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া সবুজ শিশুটিকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।