পাওনা টাকার হিসাব চাওয়ায় নির্যাতন
পাওনা টাকার হিসাব চাওয়ায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় গত বৃহস্পতিবার দুলাল মিয়া ও মো. মনির নামের দুই ব্যক্তিকে গাছে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। দুলাল ও মনিরের বাড়ি ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে।
এ ঘটনা জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে গত শনিবার হাতিবেড় গ্রামে এলাকাবাসী সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এ ঘটনায় দুলালের ভগ্নিপতি হাবীবুর রহমান বাদী হয়ে শনিবার ফুলবাড়িয়া থানায় ১০ জনের নামে মামলা করেছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও ফুলবাড়িয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, হাতিবেড় গ্রামের দুলাল ও তাঁর স্ত্রী শেফালী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাসে থাকাকালীন দুলাল শ্যালক মো. হামিদের নামে টাকা পাঠাতেন। সম্প্রতি দুলাল দেশে ফিরে এসে শ্যালকের কাছে টাকার হিসাব চাইলে তিনি (হামিদ) টাকার কথা অস্বীকার করেন। এ নিয়ে দুলালের সঙ্গে হামিদের বিরোধ সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার দুলাল তাঁর ভাগনে মনিরকে নিয়ে ফুলবাড়িয়ার কাহালগাঁও গ্রামে শ্বশুরবাড়িতে যান। এ সময় হামিদের কাছে দুলাল আবারও টাকার হিসাব চান। হামিদ টাকার হিসাব না দিয়ে মোটরসাইকেল চুরির অপবাদ দিয়ে তাঁর লোকজন নিয়ে দুলাল ও মনিরকে গাছের সঙ্গে ঝুলিয়ে মারধর করে। নির্যাতনের একপর্যায়ে দুলালের হাতের নখ তুলে ফেলে হামিদের লোকজন।
ঘটনাটি গত শনিবার জানাজানি হলে হাতিবেড় গ্রামের লোকজন সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত চার ঘণ্টা ভালুকা-ঘাটাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ভালুকার উথুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইছাহাক আলী জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন।
এ ব্যাপারে ইছাহাক আলী জানান, গ্রামের মানুষ এ ঘটনায় ভীষণ উত্তেজিত। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে মানুষকে নিবৃত্ত করা কঠিন।
ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, ওই দুজনকে পরিকল্পিতভাবে মারধর করার অভিযোগে মামলা হয়েছে। এজাহারভুক্ত রিয়াজ নামের এক আসামিকে গত শনিবার গ্রেপ্তার করা হয়েছে। মামলার পর থেকে হামিদ পলাতক রয়েছেন।