পাওনাদারের পক্ষ নেওয়ায় পুলিশের হাত-পা ভেঙে দিয়েছে দেনাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনাদারের পক্ষ নেওয়ায় নাটোর জেলা পুলিশের বিশেষ শাখার এক কনস্টেবলের হাত-পা ভেঙে দিয়েছে দেনাদার ও তার সহযোগী। গতকাল শনিবার লালপুর উপজেলার চৌষুডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় আবদুল আলীম (৩৭) নামের ওই পুলিশ সদস্যকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র ও ভুক্তভোগী আবদুল আলীম জানান, আলীমের পূর্বপরিচিত চৌষুডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম একই গ্রামের আফসার আলীর কাছে কিছু টাকা পান। দীর্ঘদিন ধরে ঘুরেও টাকা না পাওয়ায় রবিউল বিষয়টি আলীমকে জানান। পরে গতকাল দুপুরে তাঁরা আফসার আলীর কাছে পাওনা টাকা চাইতে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আফসার ও তাঁর সহযোগী হুসেন আলী লাঠি দিয়ে পিটিয়ে আলীমের দুই পা ও বাঁ হাত ভেঙে ফেলেন। এ ছাড়া তাঁরা পিটিয়ে আলীমের বুকে ও পিঠে গুরুতর জখম করেন। প্রথমে তাঁকে বনপাড়া পাটোয়ারী ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আলীমকে নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
পাটোয়ারী ক্লিনিকের চিকিৎসক সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, আলীমের দুই পা ও বাঁ হাত ভেঙে গেছে। এ ছাড়া তাঁর পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়েছে।
আলীম বলেন, ‘স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেওয়ার জন্য আফসার আলীর বাড়িতে গিয়েছিলাম। কিন্তু তারা যে এভাবে আমাকে মারধর করবে, তা ভাবতেও পারিনি।’
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আলীম অসুস্থতাজনিত কারণে দুই মাস আগে ছুটি নিয়েছেন। তাঁকে মারধরের কথা শুনেছি।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।