পাওয়া গেছে আরেক জঙ্গির পরিচয়
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় শনিবারের অভিযানে নিহত তিন জঙ্গির মধ্যে আরেক জঙ্গির পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়ার ফজলে রাব্বি। ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে যশোরের স্থানীয় প্রশাসন ও রাব্বির পরিবার পরিচয়ের বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত করেনি।
এর আগে নিহত তিন জঙ্গির মধ্যে একজন গুলশানে জঙ্গি হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ তামিম চৌধুরী পরিচয় নিশ্চিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রথম আলোর যশোর প্রতিনিধি জানান, ফজলে রাব্বি নামের যশোরের এম এম কলেজের পদার্থ বিজ্ঞানের প্রথম বর্ষের একজন ছাত্র গত এপ্রিল থেকে নিখোঁজ রয়েছেন। শনিবার জানতে চাইলে ফজলে রাব্বির মা ও বোন প্রথম আলোকে বলেন, ‘আমরা পুরোপুরি নিশ্চিত না। তবে শুনেছি, রাব্বি নারায়ণগঞ্জে নিহত হয়েছে।’
নিখোঁজ হওয়ার আগে তিনি কলেজ থেকে নিজেই ভর্তি বাতিল করে সমস্ত কাগজপত্র তুলে নেন। এ বিষয়ে ফজলে রাব্বির বাবা কাজী হাবিবুল্লাহ ৭ এপ্রিল যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ছেলে নিখোঁজের বিষয়ে পত্রিকায় বিজ্ঞাপনও দেন তিনি।
সম্প্রতি নিখোঁজ ফজলে রাব্বির বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫ এপ্রিল সকালে কলেজে যাওয়ার কথা বলে ফজলে রাব্বি পিঠে ঝোলানো একটি ব্যাগে জামা কাপড় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। সেই থেকে তিনি আর ফেরেননি।
কিসমত নওয়াপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ফজলে রাব্বি এলাকায় তেমন কারও সঙ্গে মিশতেন না। তবে স্থানীয় একটি মসজিদের ইমামের সঙ্গে ছিল তার গভীর সখ্য। সেই সূত্র ধরে ঈদের দিন পুলিশ ও র্যা ব সদস্যরা ফজলে রাব্বির বাড়িতে গিয়ে তথ্যানুসন্ধান করেন।
সম্প্রতি যশোর পুলিশ ৫ জনকে জঙ্গি আখ্যা দিয়ে শহরে পোস্টার লাগায়। ওই ৫ জনের একজন হচ্ছে ফজলে রাব্বি। এ সম্পর্কে তথ্য দেওয়ার জন্য পুলিশ ওই পোস্টারে জনগণের প্রতি আহ্বান জানান।
গতকাল শনিবার রাত ১০ টা ১৪ মিনিটে যোগাযোগ করলে সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা প্রথম আলোকে বলেন, আমরা এখনো শতভাগ নিশ্চিত না। তবে আমাদের কাছে যে ধরনের তথ্য রয়েছে, তাতে সেরকমটাই মনে হচ্ছে।
শনিবার রাত সাড়ে নয়টায় মুঠোফোনে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, নিখোঁজ রাব্বির নিহত হওয়ার কোনো তথ্য তাঁর জানা নেই।
এর আগে শনিবার সকালে পাইকপাড়ার বড় কবরস্থান এলাকার একটি তিনতলা ভবন ঘিরে অভিযান শুরু করে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিট। তাদের সঙ্গে যোগ দেয় সোয়াত। সহযোগিতা করে র্যা ব-১১ ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ। সকাল সাড়ে নয়টার পর ভবনের কাছ থেকে প্রথম গুলির শব্দ শুনতে পাওয়া যায়। এরপর থেমে থেমে গোলাগুলি হয়। বড় ধরনের বিস্ফোরণের শব্দও শোনা যায়।
ঘণ্টা খানেক পর অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের মহাপরিদর্শক সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, অভিযানে নব্য জেএমবির তিন জঙ্গি নিহত হয়েছে। পুলিশের কাছে তামিমের যে ছবি রয়েছে, তার সঙ্গে নিহত একজনের চেহারা হুবহু মিলে গেছে। তিনি বলেন, ‘এতে স্পষ্ট, তিনি তামিম হবেন।’
বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন বলে পুলিশের ভাষ্য। তাঁকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল পুলিশ। তামিমকে ধরিয়ে দিতে ২০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।
স্থানীয় লোকজনের ভাষ্য, আজ সকালে ঘুম থেকে উঠে তাঁরা বেশ কয়েকটি গাড়ি দেখতে পান। গাড়িতে করে আসা সাদাপোশাকের পুলিশ সদস্যরা এলাকায় সতর্ক অবস্থান নেন। তাঁরা পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় অবস্থিত একটি ভবন ঘিরে তৎপরতা শুরু করেন। অভিযানকালে জেলা পুলিশ ও র্যা ব পুরো এলাকা ঘিরে রাখে। এলাকার বিদ্যুৎ, গ্যাস ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি ও গোলাগুলির শব্দে স্থানীয় লোকজনের মধ্যে একধরনের ভীতি ছড়িয়ে পড়ে।
গত ১ জুলাই রাতে পাঁচ জঙ্গি গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলা চালায়। তারা দেশি-বিদেশি ২০ নাগরিককে নৃশংসভাবে হত্যা করে। ওই রাতে অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের বোমায় নিহত হন পুলিশের দুজন কর্মকর্তা। পরদিন সকালে সেনা অভিযানের মধ্য দিয়ে জঙ্গিদের ১২ ঘণ্টার জিম্মি সংকটের অবসান হয়। অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হন।