পাকশী রেল কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতিতে রেলওয়ের ১২১টি সুইপার পদের মধ্যে জাতসুইপার, রেলপোষ্য ও জেলা কোটা পূরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে রেলওয়ে শ্রমিক লীগ পাকশী বিভাগের নেতা-কর্মীরা মিছিল করে পাকশী ডিআরএম (বিভাগীয় রেলওয়ে ম্যানেজার) কার্যালয় ঘেরাও করেন।
পাকশী রেল মাঠে পথসভায় বক্তারা অবিলম্বে এই নিয়োগ বাতিল ও নিয়োগ-দুর্নীতির সঙ্গে জড়িত রেল কর্মকর্তাদের দ্রুত অপসারণ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তাঁরা বলেন, নিয়োগ বিজ্ঞপ্তিতে ৮০ ভাগ জাতসুইপার, ৪০ ভাগ রেলপোষ্য ও জেলা কোটা নির্ধারণ করা ছিল। কিন্তু নিয়োগের সময় সেই নিয়ম না মেনে টাকার বিনিময়ে নিজেদের পছন্দের লোক নিয়োগ দেওয়া হয়েছে। কোটা হিসেবে সুইপার পদে ৪৮ জন জাতসুইপার নিয়োগ হওয়ার কথা। কিন্তু সেখানে আটজন জাতসুইপার নিয়োগ হলেও বাকিদের বিভিন্ন কোটায় নিয়োগ দেওয়া হয়েছে। ওই পদে রেলপোষ্যদের মধ্যে থেকে ৪০ ভাগ কোটা বরাদ্দ রাখা হলেও বিধি অনুযায়ী কোটা পূরণ করা হয়নি।
পথসভায় বক্তব্য দেন রেলওয়ে শ্রমিক লীগ ঈশ্বরদী শাখার সভাপতি রফিকুল ইসলাম, পাকশী শাখার সভাপতি ইকবাল হায়দার, চুয়াডাঙ্গা রেল শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ। এর আগে নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলনকারীরা পাকশী ডিআরএম কার্যালয়ের সামনে বিক্ষোভ ও তাঁর কার্যালয় ঘেরাও করেন। পরে তাঁরা রেলওয়ের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি পাকশী বিভাগীয় সংস্থাপন কর্মকর্তা সদর আলীকে দেন।
সদর আলী বলেন, গত বছর ২৯ ডিসেম্বর রেলওয়ের পূর্বাঞ্চল চট্টগ্রামে এই নিয়োগ চূড়ান্ত হয়। এই নিয়োগ কমিটির প্রধান অতিরিক্ত প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (পূর্ব) রাশেদা সুলতানা গনি। এ বিষয়ে বিস্তারিত জানতে তিনি তাঁর সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান।
মিছিল ও সমাবেশ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা ১১টায় বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ বগুড়ার সান্তাহার শাখার উদ্যোগে ১২১ জন ঝাড়ুদার (সুইপার) নিয়োগে অনিয়ম-দুর্নীতির আশ্রয় নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সান্তাহার রেলওয়ে শ্রমিক লীগের কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন চত্বরে এক প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য দেন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুস সাত্তার, রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, কার্যকরী সভাপতি আবদুল বারী প্রমুখ।