পাকশী রেলের এক কর্মচারীকে বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) অনুমোদন ছাড়াই জালিয়াতির মাধ্যমে রেলের জলাশয় ইজারা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী রেলের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত ও আগামী দুই বছরের জন্য তাঁর বার্ষিক বর্ধিত বেতন (ইনক্রিমেন্ট) বন্ধ করা হয়েছে।
রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহমেদ গত রোববার এই নির্দেশ দেন। ওই কর্মচারী হলেন রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি দপ্তরের অফিস সহকারী ছাবির আহমেদ।
পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, জলাশয় ইজারা দেওয়ার আগে রেলওয়ের মহাপরিচালকের অনুমোদন ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার সুপারিশ দরকার হয়। কিন্তু ছাবির আহমেদ তা না করে নিজেই জলাশয় ইজারা দিয়েছেন। এ জন্য তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। কিন্তু তিনি কোনো জবাব দেননি। তাই তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে ছাবির আহমেদ দাবি করেন, তিনি এসবের কিছুই জানেন না। তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়নি। তাঁকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে।
রেলওয়ের সংশ্লিষ্ট সূত্রে জানায়, ছাবির আহমেদের বিরুদ্ধে চার মাস ধরে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। আর্থিক সুবিধা নিয়ে তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কামারগাতি এলাকায় সেকেন্দার আলী নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের জন্য রেলের ১ একর ৪০ শতাংশ জলাশয় ইজারা দেন। বিষয়টি সম্প্রতি তদন্তে ধরা পড়ে। এ রকম বেশ কিছু অভিযোগের বিষয়ে তদন্তের জন্য সম্প্রতি বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা তাঁর কাছে কার্যালয়ের নির্দিষ্ট কিছু কাগজপত্র, ফাইল ও আলমারির চাবি জমা দিতে বলেন। কিন্তু অসুস্থতার অজুহাতে ছাবির আহমেদ পাকশী রেল হাসপাতালে ভর্তি হন। পরে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের তদারকিতে তিন সদস্যের কমিটির মাধ্যমে আলমারির তালা ভেঙে ওই কাগজপত্র ও ফাইল দপ্তরের নিয়ন্ত্রণে নেওয়া হয়। এর পরও তিনি কর্মস্থলে আসেননি। এ ধরনের বিভিন্ন অনিয়মের অভিযোগে এ বছরের ৭ জুলাই ছাবির আহমেদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। উদ্ধার করা কাগজপত্র যাচাই করে তাঁর বিরুদ্ধে আরও কিছু অনিয়মের প্রমাণ মেলে।