পাকশীতে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদী উপজেলায় পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজ হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার অভিযান চালিয়ে উপজেলার নতুন রূপপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পাবনা র্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, গতকাল ভোরে নতুন রূপপুর গ্রামে অভিযান চালিয়ে মিরাজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১টি বিদেশি রিভলভার, ৩টি রামদা ও ৪টি ককটেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর মিরাজকে পাবনা র্যাব ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন মিরাজ তাঁর বাড়িতে আরও অস্ত্রের সন্ধান দেন। বেলা দেড়টার দিকে তাঁকে সঙ্গে নিয়ে তাঁর বাড়ির শয়নকক্ষ থেকে আরও ১টি বিদেশি পিস্তল, ২টি গুলি, ২টি ম্যাগাজিন ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। মিরাজের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এ পর্যন্ত তাঁর বিরুদ্ধে ২টি মামলার কথা জানা গেছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাস বলেন, মিরাজ উপজেলা কমিটির সদস্য নন। তিনি পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। সংগঠনবিরোধী কাজের জন্য গত বছর থেকে ওই কমিটির কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে।