পাকশীতে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে গুলিবিদ্ধ ও হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, রাতের কোনো এক সময় তাঁকে খুন করে এখানে দুর্বৃত্তরা লাশ ফেলে গিয়েছে। নিহত যুবকের বয়স ৩০ থেকে ৩২ বছরের মতো।

আজ সোমবার সকাল ১০টায় পাকশী ফুরফুরা খানখা শরিফের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পাশ থেকে গুলির দুটি খোসাও পাওয়া গেছে।

পাকশী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দেওয়ান আলমগীর হোসেনের ভাষ্য, নিহত যুবকের বুকের ডান, বাঁ ও মাঝে গুলির তিনটি ক্ষতচিহ্ন রয়েছে। তাঁর মুখে দাঁড়ি রয়েছে। পরনে লুঙ্গি ছিল। আজ সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

এদিকে পাকশীর পাঁচ-ছয়জন বাসিন্দা অভিযোগ করেন, সন্ত্রাসী ও অপরাধীদের পুলিশ গ্রেপ্তার না করায় পাকশী পেপার মিল ও ফুরফুরা খানখা শরিফের সড়কটি দিন দিন অপরাধপ্রবণ এলাকায় পরিণত হয়েছে। মাঝেমধ্যে ছিনতাই-রাহাজানির ঘটনা ঘটছে। গত মাসে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা মোটরসাইকেল ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পাকশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস বলেন, সন্ধ্যার পরে ওই সড়ক দিয়ে চলাচল করতে ভীষণ ভয় হয়। এর আগে অনেকবার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।