পাকশীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে শাহজাহান মণ্ডল (৩৫) নামে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, এলাকায় দুই পক্ষের ডিশ ও বালুর ব্যবসার ভাগাভাগি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে এই হত্যার ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান মণ্ডল পাকশী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ছিলেন। শাহজাহানের ওপর হামলার সময় তাঁর ফুফাতো বোনের স্বামী আবুল কাশেম (৫৫) ও পাকশী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আশরাফুল বিশ্বাস (৩২) আহত হন। এর মধ্যে আবুল কাশেমকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হত্যার খবর প্রচারের পর গতকাল রাতে নতুন রূপপুরে শাহজাহানের সমর্থকেরা প্রতিপক্ষের একটি বাড়িতে আগুন লাগিয়ে দেয় ও দুটি বাড়ি ভাঙচুর করে। দমকল বাহিনীর সদস্যরা রাতে আগুন নেভান। আগুনে বাড়ির আসবাব ও ডিশ-সংযোগের সব সরঞ্জাম পুড়ে গেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার প্রথম আলোকে বলেন, এলাকায় ডিশ ও বালুর ব্যবসার ভাগাভাগি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে নতুন রূপপুর গ্রামে সোমা হোসেনের ছেলে নবীন হোসেনের সঙ্গে যুবলীগের নেতা শাহজাহানের দ্বন্দ্ব চলে আসছিল। ওই দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে। তিনি বলেন, শাহজাহান মণ্ডল গতকাল রাতে তাঁর ফুফাতো বোনের স্বামী আবুল কাশেমের সিএনজিচালিত অটোরিকশায় চড়ে পাকশী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আশরাফুল বিশ্বাসকে নিয়ে বাড়ি ফিরছিলেন। তাঁরা নতুন রূপপুরের কড়ইতলার কাছে এলে প্রতিপক্ষের হামলার শিকার হন। এতে শাহজাহানসহ তিনজন আহত হন। গুরুতর আহত অবস্থায় শাহজাহানকে প্রথমে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত আড়াইটার দিকে শাহজাহান মারা যান। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

হাসপাতালে আহত শাহজাহানের ভগ্নিপতি আবুল কাশেম বলেন, এ ঘটনায় নবীনসহ কয়েকজনের বিরুদ্ধে তাঁদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।

পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, পরিকল্পিতভাবে পাকশী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি শাহজাহানকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

নবীন হোসেনের বক্তব্য নেওয়ার জন্য তাঁর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।