পাকস্থলীতে করে ইয়াবা পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবা। ফাইল ছবি
ইয়াবা। ফাইল ছবি

গিলতে পারার উপযোগী প্যাকেটে ইয়াবা পাকস্থলীতে নিয়ে বহন করছিলেন দুই যুবক। গতকাল বৃহস্পতিবার নয়টার দিকে চট্টগ্রামের বাঁশখালী থানার সামনে থেকে পুলিশ তাঁদের আটক করে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, কালো প্লাস্টিকে মুড়ে তার ওপর রাবারের পলিথিন পেঁচিয়ে মুখ দিয়ে গিলতে পারার উপযোগী করে তৈরি করা হয় ৩০টি প্যাকেট। প্রতিটি প্যাকেটে রয়েছে ৫০টি করে ইয়াবা। দুই যুবক ১৫টি করে মোট ৩০টি প্যাকেট মুখ দিয়ে গিলে পাকস্থলীতে করে বহন করছিলেন দেড় হাজার ইয়াবা।

আটক দুই যুবক হলেন টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের মো. আবদুল্লাহ (২২) এবং হ্নীলা ইউনিয়নের নাছির উদ্দিন (১৮)। তাঁরা সিএনজি অটোরিকশায় চড়ে পেকুয়ার দিক থেকে আসছিলেন। আটকের পর এক্স-রে করলে দুজনের পেটের ভেতর অস্বাভাবিক কিছু ধরা পড়ে। মলত্যাগ করিয়ে তাঁদের কাছ থেকে ইয়াবার প্যাকেটগুলো জব্দ করে পুলিশ।

ওসি জানান, দুজনের বিরুদ্ধে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ শুক্রবার সকালে দুজনকে আদালতে পাঠানো হয়েছে।