পাকা বাড়িতে ভিজিডি কার্ড!
অন্যের জমিতে খুপরি ঘরে সংসার তানজিলা বেগমের। স্বামী জালাল উদ্দিন দিনমজুর। তাও ভিজিডি কার্ড জোটেনি তানজিলার কপালে। তাঁদের প্রতিবেশী শামসুল হক অবস্থাসম্পন্ন গৃহস্থ। পাকা বাড়ি। তাঁর ছোট স্ত্রীর নামে ভিজিডি কার্ড বরাদ্দ হয়েছে। রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নে তানজিলার মতো কেউ কেউ ভিজিডি কার্ড পাননি। আবার শামসুল ইসলামের মতো বেশ কয়েকটি পরিবারের সদস্যরা ওই কার্ড পেয়েছেন।
অভিযোগ উঠেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন এভাবে ভিজিডি কার্ড বিতরণের সঙ্গে জড়িত। গত ২৭ ডিসেম্বর পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এই অনিয়মের বিষয়ে অভিযোগ করা হয়েছে।
গত শুক্রবার ভালুকগাছির শুকদেবপুর গ্রামে গিয়ে দেখা যায়, শামসুল হকের বড় বাড়ি। ইটের ঘর। টিনের ছাউনি। বোঝা যায় অবস্থাসম্পন্ন পরিবার। শামসুল বাড়িতে ছিলেন না। তাঁর ছেলে বাড়ির সামনে কাঠ চেলাই করছিলেন। তিনি স্বীকার করলেন, তাঁর ছোট মায়ের নামে কার্ড হয়েছে। গোটিয়া গ্রামের গৃহবধূ আকলিমা বেগমের নামেও কার্ড হয়েছে। তাঁদের বাড়িতেও দালানঘর। বিস্তৃত উঠান। আকলিমার স্বামী রবিউল ইসলাম স্বীকার করলেন, স্ত্রীর নামে কার্ড হয়েছে। বাড়িঘর প্রসঙ্গে তিনি বললেন, এ সবকিছুর মালিক তাঁর বাবা।
প্রায় একধরনের অবস্থাপন্ন সুমি বেগম, রেশমা বেগম, নাজমা বেগম, জাহেরা বেগম, আলেয়া খাতুন ও বিবিজানসহ আরও কয়েকজনের নামে ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। অপরদিকে শুকদেবপুর গ্রামের মনোয়ারা বেগমের ছোট্ট একটি কুড়েঘর। স্বামী দিনমজুর। অনেক আবেদন-নিবেদন করেও তিনি কার্ড পাননি। তাঁর মতোই অবস্থা কাবিরা বেগমসহ আরও কয়েকজনের।
ভালুকগাছি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুর রহমান জানান, তাঁর হাত দিয়ে ৩২টি কার্ড বিতরণ করার কথা ছিল। তাঁর অভিযোগ, তাঁকে বাদ দিয়েই গোটিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফসার আলীসহ অন্য নেতারা তালিকা করেছেন। পরে ইউনিয়ন পর্যায়ে বাছাই কমিটির সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলীর কথায় ওই তালিকায় সই করতে বাধ্য হয়েছেন।
আফসার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামের লোকজন বসে ভিজিএফ কার্ডের বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াজেদ আলী বলেন, ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কার্ড বণ্টনের দায়িত্ব। সেখান থেকে যেভাবে দেওয়া হয়েছে, বাছাই কমিটি সেইভাবে অনুমোদন করেছে।
কিন্তু ভিজিডি কার্ড বরাদ্দের পরিপত্র অনুযায়ী সংশ্লিষ্ট ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্যকে সভাপতি করে ওই ওয়ার্ডের ইউপি সদস্য, একজন স্বাস্থ্যকর্মী ও একজন এনজিও কর্মীকে নিয়ে কমিটি করতে হবে। ওই কমিটি তালিকা করে ইউনিয়ন কমিটির কাছে জমা দেবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে ১৯ সদস্যের একটি কমিটির ওই তালিকা যাচাই-বাছাই করে কার্ড বরাদ্দের বিষয়টি নিশ্চিত করবে। ভিজিডি কার্ড প্রাপ্তরা দুই বছর পর্যন্ত প্রতি মাসে ৩০ কেজি করে চাল বা গম পাবেন।
পুঠিয়ার ইউএনও ফরহাদ খোন্দকার বলেন, তিনি একটি অনুষ্ঠানে আছেন। লিখিত কোনো অভিযোগ পেয়েছেন কি না এখন মনে করতে পারছেন না।
ভালুকগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. করিম শেখ প্রথমে বলেন, অভিযোগ সঠিক নয়। পরে তিনি বলেন, ‘কার্ড তো আমরা বিলি করিনি। দলীয় লোকজন করেছে।’