পাকিস্তান ও তুরস্কের পতাকায় আগুন দিল ছাত্রলীগ

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের প্রতিবাদ করায় পাকিস্তান ও তুরস্কের জাতীয় পতাকায় আগুন দিয়েছে চট্টগ্রাম নগর ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার দুপুরে জেলা পরিষদ চত্বরে ছাত্রলীগের আয়োজিত কর্মসূচিতে কুকুরের গায়ে পাকিস্তান ও তুরস্কের জাতীয় পতাকা বেঁধে দেওয়া হয়। পরে দেশ দুটির জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করা হয়।
এরপর জেলা পরিষদ চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম, সহসভাপতি ইয়াছিন আরাফাত।
সমাবেশে ইমরান আহমেদ বলেন, পাকিস্তান ও তুরস্ক যুদ্ধাপরাধী মীর কাসেমের পক্ষে বিবৃতি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। এই দুটি দেশের ষড়যন্ত্র ও নগ্ন হস্তক্ষেপ ছাত্রলীগ মেনে নেবে না।
নুরুল আজিম বলেন, ছাত্রলীগ পাকিস্তান ও তুরস্কের ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত।