পাকিস্তান থেকে আমদানি হওয়া এক কনটেইনার পণ্য জাল দলিলপত্র দিয়ে খালাস করে নিয়েছে একটি চক্র। খালাস করে নেওয়া কনটেইনারটিতে কী আছে, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। ঘটনা তদন্তে শুল্ক বিভাগ একটি কমিটি গঠন করেছে।
কাস্টমস সূত্রে জানা গেছে, ‘তুরাগ গার্মেন্টস’-এর নাম ব্যবহার করে জালিয়াত চক্রটি সম্প্রতি পাকিস্তান থেকে এক কনটেইনার পণ্য আমদানি করে। পণ্য আমদানির জন্য যেসব নথিপত্র রয়েছে, সবকিছুই জাল করে চক্রটি। বিষয়টি টের পেয়ে শুল্ক বিভাগকে চিঠি দিয়ে জানিয়ে দেয় তুরাগ গার্মেন্টস কর্তৃপক্ষ। এর পরও কনটেইনারটি বন্দর থেকে হাওয়া হয়ে যায়।
জানতে চাইলে কাস্টমসের যুগ্ম কমিশনার মো. নেয়াজুর রহমান প্রথম আলোকে বলেন, জাল কাগজপত্র ব্যবহার করে আফনান শিপিং নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট কনটেইনারটি খালাস করে নেয়। এ ঘটনায় বন্দর থানায় কাস্টমসের পক্ষ থেকে মামলা হয়েছে। শুল্ক বিভাগের কারা জড়িত, তা শনাক্ত করতে একটি কমিটিও গঠিত হয়েছে।
জানা গেছে, তুরাগ গার্মেন্টসের কর্মকর্তারা গত সোমবার দুপুরে জানতে পারেন, তাঁদের নাম ব্যবহার করে একটি চক্র পাকিস্তান থেকে এক কনটেইনার পণ্য নিয়ে আসে। নিশ্চিত হওয়ার পর রাতেই মৌখিকভাবে শুল্ক কর্মকর্তাদের বিষয়টি জানিয়ে রাখেন তাঁরা। পরদিন গত মঙ্গলবার কাস্টমস কমিশনার বরাবর চিঠি দেওয়া হয়। তবে এর আগেই চক্রটি জাল কাগজপত্র দিয়ে শুল্ক কর্মকর্তাদের সহায়তায় কনটেইনারটি খালাস করে নিয়ে যায়।
ঢাকায় অবস্থিত তুরাগ গার্মেন্টসের দায়িত্বশীল কর্মকর্তারা প্রথম আলোকে জানান, তাঁদের পণ্য খালাসকারী সিঅ্যান্ডএফ এজেন্টের কাছ থেকে বিষয়টি জানার পরই শুল্ক বিভাগকে অবহিত করা হয়। এ ঘটনায় ঢাকার বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।
পণ্যের প্রাথমিক বর্ণনায় (আইজিএম) পোশাকশিল্পের এক্সেসরিজের কথা উল্লেখ আছে। কনটেইনার খালাস হয়ে যাওয়ায় এতে কী পণ্য আছে, তা জানা যায়নি। তবে অস্বাভাবিক দ্রুততায় জাল দলিলপত্র দিয়ে কনটেইনারটি খালাস করে নেওয়ায় সন্দেহ তৈরি হয়েছে। কারণ, এই চালানে স্পর্শকাতর অন্য কোনো পণ্য আনা হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, অবৈধভাবে বন্দর থেকে পণ্য খালাস করার অভিযোগে শুল্ক বিভাগ থেকে মামলাটি দায়ের করা হয়। এ ঘটনায় বিপ্লব নামে আফনান শিপিং নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।