পাকিস্তান হাইকমিশনে চুরি ঘটনায় গ্রেপ্তার ৬
রাজধানীর গুলশানে পাকিস্তান হাই কমিশনের চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন মো. মোস্তফা (৩৫), মো. দুলাল মিয়া ওরফে দুলাল (৩৪), মো. সজল ওরফে কালু (২২), মো. জাহাঙ্গীর আলম (৪৫), নিমাই বাবু (৪২) ও মো. সেকুল ইসলাম (৩৫)।
গতকাল মঙ্গলবার রাতভর ভাটারা ও এলিফ্যান্ট রোড এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে গুলশান থানা-পুলিশ। এ সময় গ্রেপ্তার ছয়জনের কাছ থেকে তিনটি সিপিইউ, দুটি ইউপিএস, একটি কম্পিউটার মনিটর ও চোরাই মালামাল বহন কাজে ব্যবহৃত একটি ভ্যানগাড়ি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা এসব মালামাল পাকিস্তান হাই কমিশন হতে চুরি করেছিলেন।
আজ বুধবার দুপুরে গুলশান থানায় এক সংবাদ ব্রিফিংয়ে এ সব তথ্য জানান পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার এস এম মোস্তাক আহমেদ খান।
পাকিস্তান হাই কমিশনে চুরির ঘটনা সম্পর্কে মোস্তাক আহমেদ খান বলেন, গত ২৫ নভেম্বর পাকিস্তান হাই কমিশনের পক্ষ থেকে চুরি বিষয় উল্লেখ করে গুলশান থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, ২৩ নভেম্বর থেকে ২৪ নভেম্বরের মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোরেরা হাই কমিশনের দেয়ালে লাগানো এসি খুলে হাই কমিশনের ভেতর ঢোকে। সেখান থেকে কম্পিউটারের তিনটি সিপিইউ, চারটি ইউপিএস, একটি এসিসহ বেশ কিছু জিনিসপত্র চুরি হয়। লিখিত অভিযোগের প্রেক্ষিতে গুলশান থানায় মামলা হয়। এর পর গুলশান থানা-পুলিশের তদন্তকারী কর্মকর্তা সম্ভাব্য ঘটনার সময়ে হাই কমিশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরদের শনাক্ত করেন। পরে অভিযান চালিয়ে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।