ভারতীয় জাল মুদ্রা পাচারের অভিযোগে বাংলাদেশে গত পাঁচ বছরে ২৮ জন পাকিস্তানি নাগরিক গ্রেপ্তার হয়েছেন। কিন্তু এসব অপরাধের মূল হোতাদের নাম জানতে পারলেও তাঁদের বিচারের আওতায় আনতে পারছে না পুলিশ।
যদিও বিভিন্ন সময়ে জাল রুপিসহ গ্রেপ্তার হওয়া অনেক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে পাচারকারী চক্রের মূল হোতাদের নাম-পরিচয় বলেছেন; যাঁরা সবাই পাকিস্তানি নাগরিক। এ-সংক্রান্ত চারটি মামলায় পুলিশ প্রতিবেদন দিয়ে বলেছে, ভবিষ্যতে এসব পাকিস্তানি নাগরিকের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়ার পর তাঁদের বিচারের মুখোমুখি করা হবে।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগ সূত্রে জানা গেছে, জাল মুদ্রা বাজারজাত করার অভিযোগে গত পাঁচ বছরে রাজধানীর বিভিন্ন থানায় ৪৪টি মামলা হয়েছে। আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১১ কোটি ভারতীয় জাল রুপি। পুলিশ ইতিমধ্যে ২৯টি মামলার অভিযোগপত্র দিয়েছে আদালতে।
৪৪ মামলার মধ্যে ১৮টিতে ২৮ জন পাকিস্তানি নাগরিক আসামি। মামলার বিবরণ অনুযায়ী, তাঁরা সবাই জাল মুদ্রার চালান বহনকারী। পাকিস্তানি নাগরিকদের মধ্যে এখন ১৯ জন কারাগারে ও পাঁচজন জামিনে মুক্ত আছেন। অপর চারজন মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। তাঁদের বিরুদ্ধে করা ১১টি মামলার বিচার চলছে। তদন্তাধীন আছে সাতটি।
কারাগারে থাকা ১৯ পাকিস্তানি নাগরিক হলেন সাঈদ উদ্দিন, মো. ফরহান, মুহাম্মদ কাসিফ, আফজাল মাহমুদ, মুহম্মদ শহীদ, সাবির আলী, মোহাম্মদ ইমরান, শামীম নাজ, করিম মোহাম্মদ আলী নুরানী, মুহাম্মদ মইন উদ্দিন, আবদুল্লাহ ওরফে সেলিম, মোহাম্মদ জামিল, রেহান আলী, আইয়ুব আলী, জাহিদ হাসান, আছিমুল্লাহ খান ওরফে আছিমুল্লাহ, আবু জাহের, ইয়াসমিন ও আবদুর রহিম। আর জামিনে আছেন রুবিনা বেগম, নার্গিস ইসলাম, আফজাল মাহমুদ, সাজ্জাদ হোসাইন ও আবদুল্লাহ আলী।
এ-সংক্রান্ত অপর ২৬টি মামলায় গ্রেপ্তার হন ৬৩ জন বাংলাদেশি নাগরিক। তাঁদের অন্তত ১০ জন আদালতে জবানবন্দি দিয়ে জাল মুদ্রার সরবরাহকারী হিসেবে পাকিস্তানের বিভিন্ন ব্যক্তির নাম বলেছেন।
গ্রেপ্তার হওয়া পাকিস্তানি নাগরিকদের মধ্যে ১৪ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাতে কে বা কারা তাঁদের পাকিস্তান থেকে জাল মুদ্রা নিয়ে বাংলাদেশে পাঠিয়েছেন, তাঁরা তা বলেছেন। এসব জবানবন্দিতে মুদ্রা পাচারকারী চক্রের হোতা হিসেবে পাকিস্তানের নাগরিক আমির, সালমান, আজহার, জাহাঙ্গীর, কাদের নুরানী খালিদ, বাবুল, কামাল, সাজ্জাদ ও কামরুলের নাম এসেছে। তাঁদের মধ্যে আমির ও সালমানের নাম বলেছেন ছয়জন আসামি। কিন্তু এসব ব্যক্তির পূর্ণাঙ্গ ঠিকানা বের করা যায়নি বলে উল্লেখ করে তাঁদের অভিযোগপত্র থেকে অব্যাহতি দেয় পুলিশ।
নথিপত্রে দেখা যায়, দুটি মামলায় [বিমানবন্দর থানার মামলা নম্বর ১০ (৮) ১২ ও বংশাল থানার মামলা নম্বর ৩৫ (৩) ১৩] গ্রেপ্তার হওয়া পাঁচজন পাকিস্তানি নাগরিক—সাবির আলী, সাঈদ উদ্দিন, মো. ফারহান, রুবিনা বেগম ও নার্গিস ঢাকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁরা বলেন, পাকিস্তানের করাচির বাসিন্দা আমির ও সালমান তাঁদের দিয়ে ভারতীয় জাল মুদ্রার চালান এ দেশে পাঠিয়েছেন। এই দুজন গ্রেপ্তার হওয়া পাঁচ আসামিকে দিয়ে ছয় দফা এ দেশে জাল মুদ্রার চালান পাঠিয়েছেন।
সাবির আলী ২০১৩ সালের ১২ অক্টোবর এবং বাকি চারজন ২০১৩ সালের ৭ এপ্রিল আদালতে স্বীকারোক্তি দেন। সাবির আলীর বিরুদ্ধে করা মামলাটি বর্তমানে ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। এই মামলায় তাঁর সঙ্গে আবুল বাশার নামের এক বাংলাদেশিও আসামি। মামলার বিবরণ অনুযায়ী, ২০১২ সালের ২ আগস্ট এই দুজনকে ৩৯ লাখ জাল ভারতীয় রুপিসহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
সাবির আলী আদালতে জবানবন্দিতে বলেন, তাঁকে জাল মুদ্রার ওই চালান দিয়েছেন পাকিস্তানের করাচির বেলোয়ারি টাউনের গোরামন্দির মসজিদ এলাকার আমির। কিন্তু ২০১৩ সালের ২৩ ডিসেম্বর আদালতে দেওয়া অভিযোগপত্রে আমিরকে অব্যাহতি দেওয়া হয়। কারণ হিসেবে তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক দেওয়ান কউসিক আহমেদ লেখেন, ‘পলাতক আসামি পাকিস্তানি নাগরিক আমিরকে গ্রেপ্তার করতে না পারায় এবং তাঁর পূর্ণাঙ্গ নাম-ঠিকানা জোগাড় করতে না পারায় তাঁকে মামলার দায় হতে অব্যাহতির সুপারিশ করলাম।’
প্রায় একই কারণ দেখিয়ে অন্যান্য মামলায়ও জবানবন্দিতে আসা মূল হোতা পাকিস্তানি নাগরিকদের অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, অপরাধের মূল হোতাদের বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দেওয়া এসব মামলার তদন্ত সঠিকভাবে হয়নি। মূল অপরাধীদের বিচারের আওতায় আনতে মামলার তদন্তকারী সংস্থা ব্যর্থ হয়েছে।
অবশ্য ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মো. মারুফ হাসান দাবি করেন, মামলা সঠিকভাবে তদন্ত করে অভিযুক্ত পাকিস্তানি নাগরিকদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তাদের আন্তরিকতার অভাব ছিল না।
এসব আন্তদেশীয় অপরাধীকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা প্রথম আলোকে বলেন, আন্তরাষ্ট্রীয় তথ্য আদান-প্রদানের চুক্তি অনুযায়ী অপরাধের সঙ্গে জড়িত বিদেশি নাগরিকদের তথ্য আদান-প্রদান সম্ভব। এই প্রক্রিয়ায় পলাতক বিদেশি নাগরিকদের পূর্ণাঙ্গ ঠিকানাও সংগ্রহ সম্ভব। এ ছাড়া বাংলাদেশ পুলিশ মামলার পলাতক আসামি পাকিস্তানি নাগরিকদের বিচারের আওতায় আনতে ইন্টারপোলেরও সহযোগিতা চাইতে পারে।
কিন্তু এই দুটি প্রক্রিয়ার কোনোটাই ভারতীয় জাল মুদ্রা পাচারের মামলার ক্ষেত্রে দেখা যায়নি বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে। অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যেসব পাকিস্তানি মূল হোতার নাম এসেছে, তাঁদের অবশ্যই গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।