পাকুন্দিয়ায় ছাত্রদের হামলায় আহত শিক্ষক হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছাত্ররা এক শিক্ষককে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার জাঙ্গালীয়া এলাকায় গত শনিবার এ ঘটনা ঘটে।
আহত শিক্ষকের নাম মো. শফিকুল ইসলাম (৫০)। তিনি পাকুন্দিয়া চরকাওনা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ও জাঙ্গালীয়া এলাকার বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে সদর হাসপাতালে শফিকুল ইসলাম অভিযোগ করেন, তিনি শনিবার রাত আটটার দিকে চরকাওনা নতুন বাজার থেকে বাড়ি ফিরছিলেন। জাঙ্গালীয়া এলাকায় পৌঁছানোর পর তাঁর বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পাস করা ছাত্র জাঙ্গালীয়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে লিমন মিয়া, আবদুল কাদিরের ছেলে জাহাঙ্গীর হোসেন, সবুজ মিয়ার ছেলে সুমন মিয়াসহ সাত-আটজন তাঁর গতি রোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা রড ও লাঠি দিয়ে তাঁর হাত-পা ও মাথায় আঘাত করতে থাকে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তারা তাঁকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। তিনি অচেতন হয়ে গেলে তারা চলে যায়।
শফিকুল ইসলাম বলেন, হামলাকারীরা চলে যাওয়ার পর তাঁকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পা ও মাথার ক্ষত কিছুটা কমলেও তাঁর বাঁ হাত ভেঙে গেছে।
হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান জানান, ওই শিক্ষকের বাঁ হাতের কনুইয়ের হাড়ে ফাটলের সৃষ্টি হয়েছে।
হামলা চালানোর অভিযোগের বিষয়ে কথা বলার জন্য লিমন, জাহাঙ্গীর ও সুমনকে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
চরকাওনা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক হামিদা খাতুন বলেন, ‘গ্রীষ্মকালীন ছুটি থাকায় আমরা এর প্রতিবাদ করতে পারিনি। তবে বুধবার (আজ) শিক্ষক ও ছাত্রদের নিয়ে আমরা প্রতিবাদ সমাবেশ করব। এই হামলায় জড়িত লোকদের সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
পাকুন্দিয়া থানার ওসি হাসান আল মামুন বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।