পাকুন্দিয়ায় দগ্ধ গৃহবধূ শিরিনা ঢাকা মেডিকেলে মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দগ্ধ গৃহবধূ শিরিনা আক্তার (২৪) গতকাল রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শিরিনা আক্তারের বাবা সায়েম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
শিরিনা উপজেলার চরকাওনা নতুন বাজার এলাকার সায়েম উদ্দিনের মেয়ে ও একই উপজেলার হরশী গ্রামের রুবেল মিয়ার (৩৩) স্ত্রী। স্বামীর দেওয়া আগুনে তিনি দগ্ধ হন বলে এ ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযোগ করা হয়েছে।
সায়েম উদ্দিন বলেন, প্রায় পাঁচ বছর আগে শিরিনার সঙ্গে রুবেলের বিয়ে হয়। বিয়ের পর থেকে রুবেল, তাঁর বড় ভাই জুয়েল মিয়া ও ছোট ভাই খায়রুল মিয়া (২৮) যৌতুকের জন্য শিরিনাকে প্রায়ই নির্যাতন করে আসছিলেন। এ নিয়ে পারিবারিকভাবে একাধিকবার সালিস বৈঠকও হয়। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় রুবেল ও তাঁর দুই ভাই শিরিনাকে যৌতুক বাবদ এক লাখ টাকা আনতে বলেন। শিরিনা টাকা আনতে অস্বীকার করলে তিন ভাই মিলে তাঁকে বেদম মারধর করেন। পরে শিরিনার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে স্বামী ও ভাইয়েরা পালিয়ে যান।
পরে লোকজন শিরিনাকে রাতেই কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শিরিনার তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, এ ব্যাপারে রোববার রাতে সায়েম উদ্দিন বাদী হয়ে রুবেল, তাঁর দুই ভাই জুয়েল ও খায়রুলের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা পলাতক আছেন। তাঁদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।