পাকুন্দিয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫০
শিক্ষক নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার কোদালিয়া এসআই উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গতকাল শনিবার দুপুরে দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোদালিয়া এসআই উচ্চবিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটি প্রায় ২২ মাস আগে প্রধান শিক্ষকসহ পাঁচজন শিক্ষককে নিয়োগ দেয়। টাকার বিনিময়ে শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে—এমন অভিযোগ করেন এলাকাবাসী। এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও এলাকাবাসীর বিরোধ চলে আসছিল। ফলে নিয়োগ পাওয়া শিক্ষকেরা বিদ্যালয়ে ঢুকতে পারেননি। গতকাল সকালে ঘাগড়া গ্রামের কয়েকজন ব্যক্তি নিয়োগ পাওয়া শিক্ষকদের বিদ্যালয়ে প্রবেশের ঘোষণা দেন। এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী প্রতিহত করতে স্কুল প্রাঙ্গণে এসে জড়ো হয়ে বাধা দেন। এর জের ধরে নিয়োগপ্রাপ্ত শিক্ষক জয়নাল আবেদিন ও কোদালিয়া গ্রামের মো. ইব্রাহিম মিয়ার নেতৃত্বে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পুলিশ ও স্কুলশিক্ষার্থীসহ অন্তত ৫০ জন আহত হয়। এর মধ্যে গুলিবিদ্ধ ১০ জনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া সংঘর্ষে পাকুন্দিয়া থানার এএসআই জাহাঙ্গির হোসেন আহত হয়েছেন।