পাকুন্দিয়ায় শ্রমিক ও মির্জাপুরে যুবকের লাশ উদ্ধার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিখোঁজের তিন দিন পর গতকাল শনিবার এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। টাঙ্গাইলের মির্জাপুরে একটি বিল থেকে গতকাল অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পাকুন্দিয়ায় উদ্ধার হওয়া লাশটি জজ মিয়ার (৩০)। তিনি উপজেলার মাইজহাটি গ্রামের আসির উদ্দিনের ছেলে। উপজেলার অমি রাইস মিলের শ্রমিক ছিলেন তিনি।
জজ মিয়ার মামা দুলাল মিয়া জানান, বুধবার রাত সাড়ে নয়টার দিকে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেননি জজ মিয়া। সারা রাত খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। দুই দিন পর গত শুক্রবার সকালে বাড়ির পাশে তাঁর জুতাজোড়া পড়ে থাকতে দেখা যায়। ওই দিনও সারা দিন ও রাতে খোঁজাখুঁজি করে জজ মিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কাছম আলী নামে এক প্রতিবেশী বাড়ির পাশে ধানখেতে জজ মিয়ার লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্বজনেরা গিয়ে লাশ শনাক্ত করে পুলিশে খবর দেন। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুলাল মিয়া অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরেই তাঁর ভাগনেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পরিবারের সবাই মিলে আলোচনা করে এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হবে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, লাশটি ফুলে যাওয়ায় আঘাতের চিহ্ন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের পর আঘাতের বিষয়ে জানা যাবে।
মির্জাপুর থানার পুলিশ জানায়, গতকাল বিকেলে এলাকাবাসী উপজেলার লতিফপুর ইউনিয়নের ছলিমনগর গ্রামের কোনাই বিলে অজ্ঞাতনামা যুবকের (২৫) লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ বিকেল সাড়ে পাঁচটার দিকে সেখানে গিয়ে লাশ উদ্ধার করে।